জাতীয় ফুটবল দলের প্রাথমিক অনুশীলন শিবিরে ডাক পেলেন ২৮ ফুটবলার
এশিয়া কাপের প্রাক বাছাই পর্বে অংশগ্রহনের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি প্রাথমিক অনুশীলন শিবিরের জন্য ২৮ জন খেলোয়াড় বাছাই করেছেন।
রাজধানীর আরামবাগস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে কোচ ক্রুসিয়ানি এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে চারজন গোলরক্ষক, আটজন ডিফেন্ডার, দশজন মিডফিল্ডার এবং ছয়জন স্ট্রাইকার রয়েছেন।
চলতি প্রিমিয়ার লিগের বাকি খেলাগুলো থেকে যদি কারও খেলা কোচের মনপুত হয়, তাহলে এই দলের আরও দুই জন অর্ন্তভুক্ত হতে পারে বলে জানান ক্রুসিয়ানি। তবে আর্জেন্টিনার এই কোচ নির্বাচিত খেলোয়াড়দের নাম জানান নি। প্রিমিয়ার লিগ সমাপ্ত হওয়ার পরপরই জাতীয় দলের অনুশীলন শিবির শুরু হবে।
এশিয়া কাপের প্রাক বাছাই পর্বে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। হোম ম্যাচ ১১ নভেম্বর এবং অ্যাওয়ে ম্যাচ ১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিকে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে অন্তত দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে আগ্রহী জাতীয় দলের কোচ ক্রুসিয়ানি।
