গোল্ডেন হোপ চ্যালেঞ্জ টুর্নামেন্টে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দলের চতুর্থ জয়
ব্যাটসম্যান তামিম ইকবালের অনবদ্য ৮৬ রানে ভর করে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দল বৃহস্পতিবার মালয়েশিয়ার গোল্ডেন হোপ চ্যালেঞ্জ টুর্নামেন্টে টানা চতুর্থ জয় পেয়েছে।
বেউয়েমাস ওভালে বাংলাদেশ সাত উইকেটে হারায় শ্রীলংকাকে।
গ্রুপ পর্যায়ের টানা চার ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ দল ফাইনালে শ্রীলংকা ও স্বাগতিক মালয়েশিয়া ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে।
টসে জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান। অধিনায়ক সাকিব আর শুভ’র মারাত্মক বোলিংয়ের মুখে শ্রীলংকা দল ৪৫ দশমিক ২ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায়। সাকিব চার এবং সোহরওয়ার্দী শুভ তিন উইকেট লাভ করেন।
১৩২ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ দল মাত্র ১৯ ওভারে তিন উইকেট খুইয়ে ১৩৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এ ম্যাচে ৮৬ রান করে দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। এছাড়া অমিত মজুমদার করেন ২৪ রান। দলকে জয় এনে দেয়ার পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও লাভ করেন তামিম ইকবাল।
