মোহেমেডান-আবাহনী হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুক্রবার আবারও শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল
দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে তিনদিন বিরতির পর শুক্রবার দুই চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেডের মধ্যেকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে।
শিরোপা অর্জনের পথে পয়েন্ট তালিকার শীর্ষ দল মোহামেডানের (১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট) শুধু চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিরুদ্ধে জয়ই যথেষ্ট নয়, তাদের সামনে রয়েছে দেশের অন্য দুই ফুটবল জায়ান্ট বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন (১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট) এবং মুক্তিযোদ্ধা সংসদ (১৫ ম্যাচে ১৮ পয়েন্ট)। শিরোপার জন্য তাদের বিরুদ্ধে জয়টাও দরকার হয়ে পড়েছে মোহামেডানের।
লিগে পাতানো ম্যাচ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের পর প্রথম বড় ম্যাচে আবাহনীর কাছে ৩-০ গোলে পরাজিত হয় চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। মুক্তিযোদ্ধা, দিপালী এবং মোহামেডানের বিরুদ্ধে তাদের তিনটি ম্যাচ এখনও বাকি রয়েছে।
মৌসুমের আগের তিনটি লড়াইয়ে আবাহনীর বিরুদ্ধে জয়বঞ্চিত মোহামেডানের কোচ কাজী জসিমউদ্দিন জোসি দায়িত্ব নেওয়ার পর দিন দিন দলের উন্নতি হচ্ছে। জোসির কথাতেও দলের উন্নতির বিষয়টি পরিস্কার হয়ে উঠে। তার মতে, ফেডারেশন কাপে টাইব্রেকারে ৪-২ গোলে হার এবং লিগের প্রথম পর্বে গোলশুন্য ড্রয়ের পর দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় তার হাতে। আর এরপর প্রতিনিয়তই দলের উন্নতি হচ্ছে।
আবাহনীর বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জোসি বলেন, আগের ম্যাচে ফরাশগঞ্জের বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে আবাহনীর বিরুদ্ধে মোহামেডান পজিটিভ খেলা উপহার দেবে।
শুক্রবারের ‘হাইভোল্টেজ’ ম্যাচ সম্পর্কে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, আবাহনী-মোহামেডান ম্যাচ সব সময়ই সম্মান রক্ষার ম্যাচ, মঙ্গলবারের ম্যাচটি জিতে আমরা এ মৌসুমে মোহামেডানের বিরুদ্ধে অপরাজেয় থাকার রেকর্ডটা ধরে রাখার চেষ্টা করব। ম্যাচের গতি প্রকৃতি বুঝে যেদল প্রথমেই সুযোগ কাজে লাগাতে পারবে তারাই ম্যাচ জিতবে বলে মনে করেন সাবেক এ ফুটবলার।
লিগে আবাহনীর রানার্স আপ হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে রূপু বলেন, মুক্তিযোদ্ধা যদি মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়কে হারাতে পারে তাহলে লাইমলাইটে চলে আসবে আবাহনী। আর সেক্ষেত্রে আমাদের পরবর্তী তিনটি ম্যাচেই জয়ী হতে হবে।
লিগের দ্বিতীয় পর্বে বড় তিন দল ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ এবং শেখ রাসেলকে হারিয়ে আবাহনী শিবিরে বর্তমানে যে আবস্থা তাতে করে মঙ্গলবারের ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে মানসিকভাবে তারাই এগিয়ে থাকবে। তাছাড়া দলে যেহেতু কোন ইনজুরি কিংবা সাসপেনশন নেই তাই লিগে এই প্রথমবারের মত পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে আবাহনী।
অন্যদিকে মোহামেডানের অবস্থা আবাহনীর ঠিক উল্টো। প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বে দাপুটে খেলা মিলছে না তাদের কাছ থেকে। এই পর্বে এসে ছোট দলগুলোর বিরুদ্ধে তিনটি ড্র মোহামেডানকে শিরোপা লড়াইয়ের মিশনকে কঠিন করে তুলেছে। তবে আগের ম্যাচে ফরাশগঞ্জকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে পেরেছে সাদাকালো শিবির।
মোহামেডান শিবিরে বেশ কয়েকজন ছোটখাট ইনজুরিতেও ভুগছেন। আগের ম্যাচটি মিস করা স্ট্রাইকার মঞ্জুকে আবাহনীর বিরুদ্ধেও সাইডলাইনে থাকতে হবে। দলের বিদেশী রিক্রুট ডোনাল্ড রবার্টসের খেলা আশানুরূপ না হওয়ায় গোল করা এবং করানোর দায়িত্বটা এককভাবে স্ট্রাইকার অধিনায়ক আলফাজের কাঁধেই চাপবে বলে ধরেই নেয়া যায়।
দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত জাতীয় দলের সাবেক ফুটবলার মনোয়ার হোসেন নান্নুর চিকিৎসার্থে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুক্রবারের ম্যাচটিকে বেনফিট ম্যাচ ঘোষণা করেছে। ফুটবল ফেডারেশন এই ম্যাচের সবধরনের পাস স্থগিত করেছে। আবাহনী-মোহামেডান ম্যাচে টিকিটের মূল্য রাখা হয়েছে-ভিআইপি এক নম্বর গেট ৫০, ভিআইপি দুই নম্বর গেট এবং গ্যালারি ৩০ টাকা।
