২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় জাতীয় খো খো প্রতিযোগিতা শুরু হচ্ছে শুক্রবার

বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গাজী ট্যাংকের পৃষ্ঠপোষকতায় শুক্রবার থেকে পল্টন ময়দানস্থ খো খো মাঠে শুরু হচ্ছে ‘গাজী ট্যাংকস ৩য় জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপ (পুরুষ)-২০০৫।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 02:59 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বিকেল তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক সভাপতি লে: জেনারেল (অব:) মোহাম্মদ মাহবুবুর রহমান এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজী ট্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

প্রতিযোগিতায় মোট ১২টি জেলা ক্রীড়া সংস্থা অংশ নেবে। দলগুলো হচ্ছে-ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, নাটোর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, দিনাজপুর, বাগেরহাট এবং বগুড়া।

দলগুলো চারটি গ্রুপে লিগ ভিত্তিতে খেলবে। চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ট্রফি এবং সেরা খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান করা হবে। ২৮ আগস্ট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজী ট্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এবং চ্যাম্পিয়নশীপ কমিটির সম্পাদক মোহাম্মদ ফারুক ঢালী।