২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ খেতাব পেলেন শ্যুটার রাজ্যবর্ধন

ভারতের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পুরস্কার ‘রাজীব গান্ধী খেল রত্ন’ পেয়েছেন এথেন্স অলিম্পিকে শ্যুটিংয়ে রৌপ্য পদক জয়ী একমাত্র ভারতীয় শ্যুটার রাজ্যবর্ধন রাঠোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বুধবার ২০০৪ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল রাজ্যবর্ধন রাঠোর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নেন।

টেনিসের নতুন সেনসেশন সানিয়া মির্জাসহ ১৩ জন খেলোয়াড় ভারতীয় ক্রীড়ার দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ‘অর্জুন’ এর জন্য মনোনীত হয়েছেন। এই তালিকায় আরও রয়েছেন এশিয়ান পিজিএ ট্যুর-এ তৃতীয় স্থান অর্জনকারী গলফ খেলোয়াড় জ্যোতি রান্ধাওয়া।

‘রাজীব গান্ধী খেল রত্ন’ পুরস্কারের মূল্যমান ভারতীয় মুদ্রায় পাঁচ লাখ রূপী এবং ‘অর্জুন’ পুরস্কারের মূল্যমান তিন লাখ রূপী।

ভারতের প্রেসিডেন্ট এ পি জে আব্দুল কালাম সোমবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন।