ওয়ানডের ‘সুপার সাব’ পদ্ধতির সমালোচনায় কিউই অধিনায়ক ফ্লেমিং
জিম্বাবুয়ের বুলাওয়েতে বুধবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে যখন নিউজিল্যান্ড আর জিম্বাবুয়ে মুখোমুখি হবে তখন ওয়ানডের নতুন নিয়ম ‘সুপার সাব’ পদ্ধতিটি দুই দলই প্রয়োগ করতে পারবে।
তবে ওয়ানডের এই নতুন নিয়মে খুশি নন নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। খবর বার্তা সংস্থার।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফ্লেমিং এই নিয়মের সমালোচনা করেন। তিনি বলেন, এটা একটা বাজে নিয়ম, এতে ক্রিকেটের কোন উপকার হবে না।
ফ্লেমিং মনে করেন ওয়ানডেতে বদলী খেলোয়াড়ের এই নিয়মের কারণে যে দল টসে জিতবে তারাই এগিয়ে থাকবে।
সংবাদ সম্মেলনে ফ্লেমিং বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের সূচী ওয়ানডে ম্যাচের ভারে আক্রান্ত। শিডিউল খালি থাকলে ওয়ানডে ম্যাচ দিয়ে তা পূরণ করা হয়।
সিরিজের তৃতীয় দলটি হচ্ছে ভারত। তবে ভারতীয় দল এখনও জিম্বাবুয়ে পৌঁছেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে শুক্রবার বুলাওয়েতে।
