প্রিমিয়ার হ্যান্ডবল লিগ শুরু হচ্ছে বুধবার
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে শুরু হচ্ছে কিউট ১৩ তম প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগ।
বিকেল সাড়ে তিনটায় লিগের উদ্বোধন করা হবে।
নবাগত সূর্যোদয় ক্রীড়া চক্র এবং ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবসহ মোট আটটি দল সিঙ্গেল লিগ পদ্ধতির লিগে অংশগ্রহন করবে। লিগের বাজেট ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার টাকা। এরমধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করবে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এবং লিগ কমিটির সম্পাদক মোহাম্মদ মৌসুম আলী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
লিগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে-বাংলাদেশ রাইফেলস (বিডিআর), নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, ওল্ড আইডিয়ালস, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, সূর্যোদয় ক্রীড়া চক্র এবং ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।
