২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কারণে আফ্রো-এশিয়া সিরিজ ১-১ এ ড্র

আফ্রিকান একাদশ ও এশিয়ান একাদশের মধ্যে ডারবানে অনুষ্ঠিত আফ্রো-এশিয় ক্রিকেট সিরিজের তৃতীয় ও ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে ধুয়ে যাওয়ায় তিন ম্যাচের ক্রিকেট সিরিজটি ১-১ এ ড্র হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 01:13 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

আফ্রিকা একাদশের বেঁধে দেয়া ১০৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে এশিয়ান একাদশ দুই উইকেট হারিয়ে আট রান সংগ্রহ করে। শহীদ আফ্রিদী পোলকের বলে ও বীরেন্দ্র শেওয়াগ ডেল স্টিউনের বলে আউট হন। বৃষ্টি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত মাহেলা জয়াবর্ধনে ও কুমারা সাঙ্গাকারা ক্রিজে ছিলেন।

ডারবানের বোলিং সহায়ক উইকেটের ষোলআনা সুবিধা কাজে লাগিয়ে এশিয়ান একাদশের পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার ও ভারতীয় বাহাতি ফাস্ট বোলার জহির খান আফ্রিকার ব্যাটিং লাইন তছনছ করে দেন।

বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া নির্ধারিত ৪৮ ওভারের ম্যাচে আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ম্যাচটির মাত্র ৩২ দশমিক পাঁচ ওভার আফ্রিকা ব্যাট করতে সমর্থ হয়। স্মিথ শোয়েব আখতারের বলে এলবিডব্লিউ হন।

আফ্রিকার পক্ষে শন পোলক অপরাজিত ৪৪ রান করেন। পঞ্চম উইকেটে জিম্বাবুয়ের হিথ স্ট্রিকের (১৪ ) সাথে জুটি বেঁধে ম্যাচ ৫১ রান সংগ্রহ করেন। ম্যাচের এটিই সর্বোচ্চ জুটি।

প্রথমবারের মত আন্তঃমহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে আগে প্রত্যেকে একটি করে ম্যাচ জয়ের সুবাদে সিরিজটি ড্র হয়ে গেল।

ওপেনিং স্পেলে শোয়েব সাত ওভারে মাত্র ১১ রানের বিনিময়ে দু’টি উইকেট লাভ করেন। শোয়েব ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হয়েছেন। অপরদিকে টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতে নেয়া জহির খান টানা ১০ অভার বোলিং করে ২১ রান দিয়ে তিনটি উইকেট লাভ করেন। টুর্নামেন্টে এ নিয়ে টানা তৃতীয় বারের মত জহির তিন উইকেট নিলেন। প্রথম ম্যাচে ৩৭ রানে ও দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে তিন উইকেট নেন।

মাত্র আট রানে এশিয়ান একাদশ দুই উইকেট হারিয়ে ফেললেও বাংলাদেশের আশরাফুল হককে দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলভূক্ত করায় আইসিসি’র নতুন নিয়ম অনুযায়ী এশিয়া একাদশ সুবিধা পেত। সেক্ষেত্রে জয় পাওয়া খুব বেশি কঠিন হত না।