‘আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করা প্রয়োজন’
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আরো বেশি সাফল্যের জন্য ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করার কোন বিকল্প নেই বলে মনে করেন দেশের ক্রিকেট আয়োজক, খেলোয়াড় এবং সাংবাদিকরা।
“আমাদের ক্রিকেট: আজ ও আগামীকাল” শীর্ষক এক সেমিনারে বক্তারা এ অভিমত প্রকাশ করেন। বাংলাদেশ স্পোর্টস জার্ণালিস্টস এসোসিয়েশেন আয়োজিত রোববারের এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপিত করেন জালাল আহমেদ চৌধুরী।
মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)’র আজীবন সদস্য রইস উদ্দিন আহমেদ, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, ক্রিকেট সংগঠক মাহবুব-উল-আনাম, বিসিবি উপদেষ্টা আজিজ আল কায়সার টিটু, জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, ক্রিকেট সংগঠক মাহমুদুল হক মানু, আহমেদ সাজ্জাদুল আলম ববি, স্পোর্টস কলামিষ্ট রনজিৎ বিশ্বাস, সানাউল হক, ক্রীড়া প্রতিবেদক অঘোর মন্ডল, সাঈদুজ্জামান, আয়োজক খন্দকর জামিলউদ্দিন, শফিকুর রহমান মুন্না, গাজী গোলাম দস্তগীর মুন্না এবং আম্পায়ার এসোসিয়েশেনের সভাপতি তাজুল ইসলাম আলোচনায় অংশ নেন।
রইস উদ্দিন আহমেদ বলেন, তরুণ প্রতিভাগুলো যেন নষ্ট না হয়ে যায়, সেজন্য ঘরোয়া ক্রিকেটকে আরো শক্তিশালী করা প্রয়োজন। তিনি প্রথম শ্রেণী এবং আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নের কথা বলেন। জেলা পর্যায়ে অভিজ্ঞ কোচের প্রয়োজনের কথাও তিনি বলেন।
রইস মনে করেন, লীগের খেলায় অংশ নেয়া শতকরা ১৫ ভাগ খেলোয়াড়ই জাতীয় লীগে খেলার যোগ্যতা রাখেন না।
সংগঠক মাহবুব-উল-আনাম ঘরোয়া ক্রিকেটে জোর দেয়ার পাশাপাশি আশা করেন, দেশের সাবেক ক্রিকেটাররা ৫-৬ বছর পর জাতীয় দলের কোচ হবেন ।
জালালউদ্দিনের প্রবন্ধের প্রশংসা করে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বলেন, পরবর্তী প্রজন্ম যেন ক্রিকেটে আসে, সেজন্য তাদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত। তিনি বলেন, একজন ক্রিকেটারকে জাতীয় দলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সময় দেয়া উচিত এবং যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করছে, তাদের জাতীয় দলে সুযোগ দেয়া উচিত।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক লিপু দল নির্বাচনে আঞ্চলিক নির্বাচকদের পরামর্শ গ্রহন এবং অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর বেশি নির্ভর করা উচিত বলে মনে করেন। তিনি ক্লাবগুলোকে মাঠসহ নানা ধরনের সুযোগ দেয়ার কথা বলেন ।
সংগঠক ববি বলেন, দেশের ক্রিকেট একটা মানে পৌঁছেছে। এখন এ নিয়ে এক্সপেরিমেন্ট করার কিছু নেই। তিনি বলেন, সাজানো নাটকের মাধ্যমে বিসিবির একটি নির্বাচিত কমিটিকে ভেঙ্গে দেয়ার প্র্যাকটিস থেকে আমাদের বের হওয়া উচিত।
সংগঠক মাহমুদুল হক মানু বলেন, দেশের ক্রিকেট এখন একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে।
বিসিবি উপদেষ্টা আজিজ আল কায়সার টিটু বলেন, সবাই মিলেমিশে কাজ করলে টাকার যোগান বা স্পন্সর কোন সমস্যা হবে না।
