ওরিয়েন্ট ব্রেড হ্যান্ডবলে বাংলাদেশ রাইফেলস চ্যাম্পিয়ন
বাংলাদেশ পুলিশকে ৩৬-২১ গোলে পরাজিত করে ওরিয়েন্ট ব্রেড কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে ৩য় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রাইফেলস।
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দলের পক্ষে খায়রুজ্জামান ৯টি, মোজাম্মেল ও সাইদুজ্জামান ৭ টি এবং কামরুল ৬ টি গোল করেন। বাংলাদেশ পুলিশের পক্ষে মোহন ৫ টি এবং নুরে আলম ৪ টি গোল করেন।
এর আগে গত শুক্রবার ৩য় স্থান নির্ধারনী ম্যাচে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৩১-১৯ গোলে রাজশাহী সিটি কর্পোরেশনকে পরাজিত করে।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ রাইফেলসের মোজাম্মেল।
রোববার খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি লেঃ কর্নেল (অবঃ) এম.এ হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ওরিয়েন্ট ফুড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহবুবুজ্জামান, সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোঃজাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
