সুপার সিরিজে বিশ্ব একাদশের কোচ জন রাইট
সাবেক ভারতীয় দলের কোচ জন রাইট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সুপার সিরিজে অবশিষ্ট বিশ্ব একাদশের কোচ নির্বাচিত হয়েছেন।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। অস্ট্রেলিয়া এবং অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যেকার সিরিজে একটি ছয় দিনের টেস্ট ম্যাচ এবং তিনটি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হবে।
জন রাইট ২০০০-০১ থেকে ২০০৪-২০০৫ পর্যন্ত ভারতীয় দলের কোচ ছিলেন। ভারতীয় দলের কোচ থাকাকালীন সময়ে এই কিউই কোচ ভারতকে বেশ কয়েকটি সিরিজ জয় করতে সহায়তা করেন। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে পরাজিত করে ভারত। পরে অস্ট্রেলিয়া সফরে গিয়েও সিরিজ ড্র করে। পাকিস্তানের মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজ জয় করে ভারত। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এছাড়া জন রাইটের তত্ত্বাবধানে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত।
