২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুব আনাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে সবকিছু সরকার সমর্থিত প্যানেলের পরিকল্পনা মাফিকই এগুচ্ছে। শনিবার সাধারন সম্পাদক পদপ্রার্থী চারজনের মধ্যে তিন জন নাটকীয়ভাবে প্রার্থিতা প্রত্যাহার করে নিলে মাহবুব উল আনাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে সাধারণ সম্পাদক পদ থেকে শাহ নুরুল কবির শাহিন এমপি, মাহমুদুল হক মানু এবং কাজী তবারুকুল ইসলাম আরিফ প্রার্থিতা প্রত্যাহার করে নিলে মাহবুব উল আনাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হন।

মাহবুব উল আনাম সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহ নুরুল কবির শাহিনকে ম্যানেজ করতে সক্ষম হলেও বিদ্রোহী প্রার্থী মানু আসন্ন বিসিবি নির্বাচন প্রহসনের এবং অগণতান্ত্রিক নির্বাচনে পরিনত হতে পারে বলে মন্তব্য করে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

এর কারণ হিসেবে মানু বলেন, ‘নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নেই। বরং অনেক প্রতিকুলতা রয়েছে। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নতুন গঠনতন্ত্র এবং পূর্বের আয় ব্যয়ের হিসাব অনুমোদন করার দাবি জানিয়ে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি’।

আরেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী তবারুকুল ইসলাম আরিফ বলেন, কোকো ভাই (আরাফাত রহমান) মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ জানানোর পরই আমি তা প্রত্যাহার করে নিয়েছি। এর আগে বোর্ডের কোষাধ্যক্ষ পদে আফজালুর রহমান সিনহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এদিকে কুষ্টিয়ার শামিম আরজু মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় সহ সভাপতি পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয় প্রার্থী। এরা হলেন-খন্দকার জামিল উদ্দিন, গোলাম রসূল মোল্লাহ, শফিকুর রহমান মুন্না, শাহ নুরুল কবির শাহিন (সরকার সমর্থিত), আজিজ আল কায়সার টিটো এবং গাজী গোলাম দস্তগীর (স্বতন্ত্র)।

যুগ্ম সম্পাদক পদে সরকার সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজউদ্দিন আল মামুন এবং রফিকুল ইসলাম বাবু লড়বেন স্বতন্ত্র প্রার্থী ইকবাল ইউসুফ চৌধুরী নিকুর বিরুদ্ধে। এই পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন টাঙ্গাইলের তবারুকুল ইসলাম আরিফ এবং আলী ইমাম তপন।

বিসিবির ২০টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪ জন কাউন্সিলর প্রার্থী।