ইংল্যান্ড সফর আমাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে: শাহরিয়ার নাফিস
দীর্ঘ এক মাসের ইংল্যান্ড সফর দলের অভিজ্ঞতাকে অনেক সমৃদ্ধ করেছে বলে মনে করেন এ দলের অধিনায়ক শাহরিয়ার নাফিস। ইংল্যান্ড সফর শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছে এ দল।
দীর্ঘ এ সফরে এ দল ৪ টি ওয়ানডে ও ৩ টি তিন দিনের ম্যাচে অংশ নেয়। এর মধ্যে দু’টো ম্যাচে জয় পায় এ দল।
দলের সার্বিক পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক শাহরিয়ার নফিস। বিডিনিউজকে দেয়া এক সাক্ষাতকারে নাফিস বলেন, এটা ছিলো আমাদের জন্য একটা চমৎকার অভিজ্ঞতা। বেশ কয়েকটি ভালো টিমের সাথে আমরা খেলতে পেরেছি যা আমাদের অভিজ্ঞতাকে অনেক সমৃদ্ধ করেছে। এ সফরে অনেক কিছুই আমাদের শেখার ছিলো।
দলের সার্বিক নৈপুণ্যেও সন্তোষ প্রকাশ করেছেন নাফিস। তিনি বলেন, টপ অর্ডার ব্যাটসম্যানরা এবং পেস বোলাররা ভালো করেছে। তবে মিডল অর্ডারটা আরো ভালো হতে পারতো। নাফিস বলেন, ইংল্যান্ড সফরের এ অভিজ্ঞতা নিঃসন্দেহে আমাদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।
