ব্রাদার্সকে হারিয়ে শিরোপা দৌড়ে আবাহনী
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধা আর শেখ রাসেলের পর এবার আবাহনীর কাছে ধরাশায়ী হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার আবাহনী ৩-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্সের সাথে শিরোপার দৌড়ে শামিল হলো আবাহনী। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। সমানসংখ্যক ম্যাচে মোহামেডান আর ব্রাদার্সের পয়েন্ট ৩৫।
ম্যাচ জয়ের পর আবাহনীর খেলোয়াড়রা যখন মাঠ জুড়ে জয়ের আনন্দ প্রকাশে ব্যস্ত সেই মুহূর্তে গ্যালারীতে বসে খেলা উপভোগ করা মোহামেডানের খেলোয়াড়দের মুখে ছিল হাসি।
এখন আবাহনীর সামনে বড় বাধা বলতে গেলে মোহামডোন। সবমিলিয়ে তাদের সামনে রয়েছে তিনটি ম্যাচ। বাকি ম্যাচগুলোতেও জয় আশা করছে আবাহনী শিবির। অপরদিকে লিগ শিরোপা জয়ে মোহামডোনেরও বাকি তিন ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। তবে যেখানে আবাহনীর সামনে বড় বাধা একটি, সেখানে মোহামেডানের সামনে রয়েছে আবাহনী আর মুক্তিযোদ্ধা নামের দুটি বড় হার্ডল।
শিরোপা ধরে রাখতে হলে মুক্তিযোদ্ধা, দিপালী যুব সংঘ এবং মোহামডোনের বিরুদ্ধে জিততে হবে ব্রাদার্সকে।
আবাহনী বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে প্রথম থেকেই একতরফা খেলে একাধিক গোলের সুযোগ তৈরী করে এবং শেষ পর্যন্ত হাসি নিয়েই মাঠ ছাড়ে।
তবে ম্যাচে স্ট্রাইকারদের চাইতে বেশি উজ্জ্বল ছিলেন আবাহনীর তিন ডিফেন্ডার-মার্শাল, নুরুল আমিন শিপন এবং ওয়ালী ফয়সাল। মূলত এই তিনজনের কড়া নজরদারির জন্যই আবাহনীর শক্ত রক্ষণবুহ্য ভেদ করতে সক্ষম হননি ব্রাদার্সের খেলোয়াড়রা। এই সুযোগে তাদের অভিজ্ঞ গোলরক্ষক নিজাম মজুমদারকে অনেকটা টেনশনমুক্ত হয়ে খেলতে দেখা গেছে।
লিগের প্রথম পর্বে ব্রাদার্সের বিরুদ্ধে ২-১ গোলে হার মানা আবাহনী ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোলের সুযোগ তৈরী করে। কিন্তু স্ট্রাইকার ফরহাদ, জয় এবং টিপু তা থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন।
ম্যাচের ৫৫ মিনিটে প্রথম আঘাত হানে ব্রাদার্স। আবাহনীর বক্সে আবুলের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন সিরাজী। কিন্তু আবুলের বাঁ পায়ের শটটি গোলবার উঁচিয়ে মাঠের বাইরে চলে যায়।
আবাহনীর টিপুকে প্রথম থেকেই কেমন নি®প্রভ মনে হচ্ছিল। কিন্তু সেই টিপুর গোলেই এগিয়ে যায় আবাহনী। ক্যামেরুনের প্লেমেকার কিয়াক ব্রাদার্সের দুই জন ডিফেন্ডারকে কাটিয়ে বল ভাসিয়ে দেন টিপুর উদ্দেশ্যে। ব্রাদার্সের বক্সের মাথা থেকে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন টিপু।
এই গোলের পর আবাহনীর আক্রমনের ধার আরও বেড়ে যায় এবং মাত্র ১১ মিনিট পরই দ্বিতীয় গোল পায় তারা। উজ্জ্বল গোল করে দলকে লিড এনে দেন। ৮০ মিনিটে জয়সূচক গোলটি আসে বদলী খেলোয়াড় জাহেদ চৌধুরীর পা থেকে। ব্রাদার্সের বক্সের মধ্যে ব্যাক হিল করেন ইব্রাহিম। ছোটখাট গড়নের জাহেদ বল জালে জড়াতে ভুল করেন নি।
