ওরিয়েন্ট ব্রেড হ্যান্ডবলের ফাইনালে বিডিআর ও বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং বাংলাদেশ পুলিশ ওরিয়েন্ট ব্রেড কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে।
বৃহস্পতিবার হ্যান্ডবল কোর্টে অনুষ্ঠিত সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জয়লাভ করে বিডিআর ও পুলিশ দল।
প্রথম সেমিতে বিডিআর ২৬-১২ গোলে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের সাইদুজ্জামান সাতটি এবং খায়রুজ্জামান ছয়টি গোল করেন। অপর সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৩৩-২০ গোলে হারায় রাজশাহী সিটি করপোরেশনকে। পুলিশের রব ১১টি এবং রাজশাহীর রাজন সাতটি গোল করেন।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে রোববার। এর আগে শুক্রবার অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারনী খেলা।
