অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করছে
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল গোল্ডেন হোপ চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশগ্রহনের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দল। টুর্নামেন্ট রোববার থেকে শুরু হবে।
বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এর ব্রান্ড রূপচাঁদা সয়াবিন তেল টুর্নামেন্টে অনৃর্ধ্ব ১৭ দলের পৃষ্ঠপোষকতা করবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দলের আবাসন সুবিধা প্রদানসহ আসা যাওয়ার বিমান ভাড়ার খরচও বহন করবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনে বাংলাদেশ এডিবল অয়েলের মহাব্যবস্থাপক লি পেং ওয়াং বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হতে পেরে তারা খুশি। তিনি জানান, বাংলাদেশ এডিবল অয়েল দেশের বিভিন্ন বয়স ভিত্তিক ক্রিকেটেও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে।
অনুর্ধ্ব ১৭ দলের কোচ শহিদুল আলম রতন অনুর্ধ্ব ১৭ দলকে ব্যালান্সড বলে উল্লেখ করে দেশের জন্য ভালো কিছু বয়ে আনার আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় দলের নির্বাচক আতাহার আলী খান, বাংলাদেশ এডিবল অয়েলের বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ অঙ্কুর চাওলা, টিম অপারেশনস ম্যানেজার অ্যালিস্টার ডি উইন্টার।
টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও শ্রীলংকা ও স্বাগতিক মালয়েশিয়া অংশগ্রহন করবে। গ্রুপ পর্যায়ে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট।
