উত্তেজনাপূর্ণ খেলায় এশিয়া একাদশকে ২ রানে হারাল আফ্রিকা একাদশ
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন পার্কে চলতি আফ্রো-এশীয় একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বুধবার আফ্রিকা একাদশ মাত্র দুই রানে এশীয় একাদশকে হারিয়েছে।
দক্ষিণ আফ্রিকার দুই ফাস্ট বোলার শন পোলক ও জ্যাক ক্যালিস এশীয় একাদশের ইনিংসের তিনটি করে উইকেট নিয়ে এশীয় একাদশকে ১৯৬ রানে অলআউট করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পাকিস্তানের খেলোয়াড় আব্দুল রাজ্জাক এশীয় একাদশের পক্ষে সর্বোচ্চ ৩৮রান করেন। শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুমারা সাঙ্গাকারা ধীরগতিতে ব্যাট চালিয়ে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান সংগ্রহ করেন।
এর আগে আফ্রিকা একাদশ অ্যাশওয়েল প্রিন্সের অপরাজিত ৭৮ রানের কল্যাণে ৪৪.৩ অভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৯৮ রান করতে সক্ষম হয়। ভারতের বামহাতি ফাস্ট বোলার জহির খান ৩৭ রানে তিনটি ও পাকিস্তানের শোয়েব আখতার ৪০ রানে দুই উইকেট নেন। লেগ স্পিনার শহীদ আফ্রিদি, অনিল কুম্বলে, অফ স্পিনার মুত্তিয়া মুরলিধরন ও আশীষ নেহরা প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
আফ্রিকার তাদের ইনিংসের এক পর্যায়ে মাত্র ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে। দক্ষিণ আফ্রিকার তরুন ব্যাটসম্যান প্রিন্স ক্রিজে এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। উইকেট কিপার মার্ক বাউচারের সাথে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে প্রিন্স ৮৪ রান সংগ্রহ করেন। বাউচার ৪২ রান করে মুরলিধরনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
এক পর্যায়ে এশীয় একাদশ বিনা উইকেটে ৫০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। কিন্তু শন পোলক এক অভারেই শেহবাগ, ইউসুফ ইয়োহানা ও বাংলাদেশের আশরাফুলকে আউট করে এশীয় একাদশকে চাপের মুখে রাখতে সক্ষম হন। তারপরও জহির খানের অপরাজিত ২০ রান ও অনিল কুম্বলের ২৪ রান এশীয় একাদশের জয়ের আশা জাগিয়ে রেখেছিল। শেষের দিকে জাস্টিন ক্যাম্পের বলে আউট হওয়ার আগে শোয়েব আখতার একটি ছক্কা হাকিয়ে খেলায় উত্তেজনা ফিরিয়ে আনেন। কিন্তু বুধবারই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়া দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টিইন নেহরাকে বোল্ড করে খেলার যবনিকা টানেন।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি ডারবানে যথাক্রমে শনিবার ও রোববার অনুষ্ঠিত হবে।
