প্রিমিয়ার ফুটবলে জয়ের ধারায় মোহামেডান
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আবার জয়ের ধারায় ফিরেছে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার লিগের ফিরতি পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
সারাদেশে ধারাবাহিক বোমা বিস্ফোরণের কারণে ম্যাচ নিয়ে আশংকা দেখা দিলেও শেষ পর্যন্ত কোন রকম অঘটন ছাড়াই ম্যাচটি শেষ হয়।
১৫ ম্যাচের দশটিতে জয় এবং ৩৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ব্রাদার্স ইউনিয়নের সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে মোহামেডান। অবশ্য মোহামেডানের চাইতে এক ম্যাচ কম খেলেছে ব্রাদার্স। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ফরাশগঞ্জ।
মোহামেডানের এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক আলফাজ। নিজে একটি গোল করার পাশাপাশি আসাদকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি। ফরাশগঞ্জের আমিরুল একটি গোল পরিশোধ করেন।
খেলার ২২ মিনিটে অধিনায়কের গোলে এগিয়ে যায় মোহামেডান। ফরাশগঞ্জের দুই জন ডিফেন্ডারকে কাটিয়ে আগুয়ান গোলরক্ষক জিয়াকে পরাস্ত করে ঠান্ডা মাথায় প্লেসিং শটে গোল করেন আলফাজ।
এরপর মোহামেডানের সিয়েরা লিয়নের স্ট্রাইকার ডোনাল্ড কমপক্ষে চারটি ভালো গোলের সুযোগ নষ্ট করেন। অন্যদিকে ফরাশগঞ্জও দুই বার খেলায় সমতা ফেরানোর সুযোগ পায়। কিন্তু তাদের দু’টি আক্রমনই ব্যর্থ করে বিপ্লব।
৭৩ মিনিটে আলফাজের কাছ থেকে বল পেয়ে তীব্র শটে দলের পক্ষে দ্বিতীয় এবং জয়সূচক গোলটি করেন আসাদ।
ছয় মিনিট পর ফরাশগঞ্জের হয়ে একটি গোল পরিশোধ করেন আমিরুল।
