২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচন: ৪৭ কাউন্সিলরের মনোনয়নপত্র পেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৬৪টি মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭ জন কাউন্সিলর। ২৭ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

সমঝোতা প্যানেল থেকে একমাত্র আফজালুর রহমান সিনহা কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র জমা দেন। এই পদে আর কোন মনোনয়নপত্র জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনহা’র নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সরকার সমর্থিত প্যানেলের বিদ্রোহী সদস্য বর্তমানে বিলুপ্ত ঘোষিত উপদেষ্টা কমিটির দুই উপদেষ্টা আজিজ আল কায়সার টিটো এবং শাহ নুরুল কবির শাহিন যথাক্রমে সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এই দু’জনকে ছাড়াই সমঝোতা প্যানেল মাহবুব-মোল্লা পরিষদের নামে স্লোগান সহযোগে জাতীয় ক্রীড়া পরিষদে এসে প্যানেলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়া বিদ্রোহী কাউন্সিলর ওবায়েদ নিজাম, এএ জায়দান রাব্বি, তারেক চৌধুরী, আলী আসিফ খান, মোহাম্মদ আলী হোসেন এবং আদনান রহমান দিপন তাদের মনোনয়নপত্র জমা দেননি।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুব উল আনাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলো নিয়ে গঠিত জোটের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

টিটো এবং শাহিনের ব্যাপারে আনাম বলেন, এখনও আলোচনার সময় আছে, এবং ২০ আগস্টের মধ্যে সমস্যার সমাধান হতে পারে।

কিন্তু নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী টিটো জানান, সচেতন কাউন্সিলররা ক্রিকেটে আমার অবদানকে মনে রেখে আমাকে নির্বাচিত করবেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহিনও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, আমি একটি মাত্র পদে লড়ব, তা হলো সাধারণ সম্পদক পদ। মাহবুব অথবা তার মধ্যে যে কেউ একজন নির্বাচিত হলে কোন সমস্যা নেই বলে জানান শাহিন। কারন তার মতে, তারা দু’জন একই মানসিকতার।

বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হক মানুও সাধারণ সম্পাদক পদে তার মনোনয়ন জমা দিয়েছেন। মানু দুই তৃতীয়াংশ কাউন্সিলরের সমর্থনে নতুন গঠনতন্ত্র অনুমোদনের জন্য বিসিবি সভাপতির প্রতি আহবান জানান।

সমঝোতা প্যানেলের বাইরে থেকে আজিজ আল কায়সার টিটো, গাজী গোলাম দস্তগীর এবং এম এ শামিম আরজু সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন কাজী তবারুকুল ইসলাম আরিফ, মাহবুব উল আনাম, মাহমুদুল হক মানু এবং শাহ নুরুল কবির শাহিন।

কাজী তবারুকুল ইসলাম, রিয়াজউদ্দিন আল মামুন, রফিকুল ইসলাম বাবু এবং টাঙ্গাইলের ইমাম তপন দু’টি যুগ্ম সম্পাদকের পদে লড়াই করবেন।