আফ্রো এশিয়া কাপের প্রথম ম্যাচে বেসামাল আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে বুধবার আফ্রো এশিয়া কাপের প্রথম ম্যাচে এশিয়ার বোলারদের বোলিংয়ে বেসামাল হয়ে পড়ে আফ্রিকান ব্যাটসম্যানরা।
শোয়েব আখতার আর জহির খানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে যায় আফ্রিকার ইনিংস।
তবে মিডল অর্ডারে অ্যাশওয়েল প্রিন্স এবং মার্ক বাউচার কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। প্রিন্স ৭৮ রানে অপরাজিত থাকলেও বাউচার ৪২ রান করে মুরলিধরনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান।
টসে জিতে এশিয়া একাদশের অধিনায়ক ইনজামাম উল হক ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন। কিছুক্ষনের মধ্যেই অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমান করেন শোয়েব। স্কোর বোর্ডে ৩৯ রান উঠতেই ২৪ রান করে সাজঘরে ফেরেন এবিডি ভিলিয়ার্স। দুই ওভার পরই আঘাত হানেন জহির খান। এবার ফিরে যান আরেক ওপেনার ডিপেনার। দলের রান তখন ৪৪। এই রানেই আফ্রিকার তৃতীয় উইকেটের পতন ঘটে।
নয় রান পর ক্যালিস এবং তরপর চার রানের মধ্যে টিকোলোও প্যাভিলিয়নের পথ ধরেন। এরপরই লড়াই শুরু করেন প্রিন্স আর বাউচার। এই জুটি ইনিংসের রান টেনে নিয়ে যান ১৪১ পর্যন্ত। এখানে এসে ৪২ রান করা বাউচার আউট হয়ে যান। অন্যপ্রান্তে তখনও অবিচল প্রিন্স। শেষ পর্যন্ত অপরাজিত ৭৮ রানের হার না মানা ইনিংস খেলে দলের মান বাঁচিয়ে দেন প্রিন্স।
আট ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট নেয়ে সফল বোলার জহির খান। শোয়েব নেন দুই উইকেট।
