প্রিমিয়ার ফুটবলের ফিরতি পর্বে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে আবাহনী-ব্রাদার্স
পাতানো ম্যাচ নিয়ে কয়েকদিন অস্থিরতার মধ্যে কাটানোর পর পুনরায় প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ মাঠে গড়িয়েছে।
বৃহস্পতিবার লিগের ফিরতি পর্বের বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন এবং শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড।
দুই দলের ম্যানেজারই বৃহস্পতিবারের ম্যাচ জিতে লিগে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর । চ্যাম্পিয়ন ব্রাদার্স ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ২৬।
আবাহনীর বিরুদ্ধে ম্যাচ নিয়ে বিডিনিউজকে নিজের ভাবনার কথা জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান। এই ভাবনার অনেকটাই জুড়ে ছিল ম্যাচ জয়ের দৃঢ়প্রত্যয়। ‘পাতানো ম্যাচ নিয়ে অভিযোগের কারণে কিছুটা শংকার মধ্যে থাকলেও আবাহনীর বিরুদ্ধে জয় নিয়ে লিগে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতে চাই’-অনেকটা এভাবেই নিজের আশা আর আশংকার কথা জানান সাবেক এই জাতীয় ফুটবলার।
তিনি জানান, বড় দল হিসেবে ব্রাদার্সকে ঠেকানোর জন্য মোহামেডান, আবাহনী এবং শেখ রাসেলের মত অন্য বড় দলগুলো যেভাবে চেষ্টা করছে, তাতে তিনি নিজে ব্যক্তিগতভাবে খুশি।
আমের খান বলেন, বেশ কিছুদিন বিরতির পর ফুটবল আবার মাঠে ফিরে এসেছে, এটা ভালো লক্ষণ। মাঠের সমস্যার সমাধান মাঠেই হওয়া উচিত বলে মনে করেন তিনি।
বিপরীত দিকে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপুও ব্রাদার্সের বিরুদ্ধে জয়ের ব্যাপারে একই মনোভাব ব্যক্ত করেন। তবে শুধু ব্রাদার্সের বিরুদ্ধেই নয়, লিগের বাকি ম্যাচগুলোর সবকটিতেই জয় চান রূপু।
বিডিনিউজের সাথে একান্ত আলাপচারিতায় রূপু জানান, আমরা ইতিমধ্যে মুক্তিযোদ্ধা আর শেখ রাসেলকে হারিয়ে বড় দু’টি বাধা অতিক্রম করেছি, বৃহস্পতিবার ব্রাদার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করাই আমাদের লক্ষ্য।
প্রথম পর্বে আবাহনীকে ২-১ গোলে ধসিয়ে দেয়া ব্রাদার্স বৃহস্পতিবার পুরো শক্তির দল নিয়েই মাঠে নামছে বলে জানিয়েছেন আমের খান। দলে কোন ইনজুরি কিংবা সাসপেনশন সমস্যাও নেই। তাছাড়া ফিরতি পর্বে পাঁচ ম্যাচ জিতে ভালো ছন্দে রয়েছে দল।
অন্যদিকে ডিফেন্ডার প্রদীপ কুমার পোদ্দার এক ম্যাচ নিষেধাজ্ঞার কবলে থাকায় অনেকটা নড়বড়ে ডিফেন্স লাইন নিয়েই মাঠে নামতে হবে আবাহনীকে। ব্রাদার্সের মত অতটা ছন্দেও নেই আবাহনীর খেলোয়াড়রা। কিন্তু মুক্তিযোদ্ধা আর শেখ রাসেলকে হারিয়ে যে আত্মবিশ্বাস দলে তৈরী হয়েছে তাকে পুঁজি করেই মাঠে নামবে ধানমন্ডির দলটি।
