২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এস্টেল এবং ভেনসেন্টের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে কিউই

কিউই ব্যাটসম্যান নাথান এস্টেলের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে সফরকারী নিউজিল্যান্ড দল দ্বিতীয় টেস্ট ম্যাচে সুসংহত অবস্থান গড়ে তুলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

দিন শেষে নিউজিল্যান্ড সাত উইকেটে ৪৫৪ রান সংগ্রহ করে। এস্টেল ১১৬ রান করে এখনও ক্রিজে রয়েছেন।

সকালের সেশনে নিউজিল্যান্ড অপ্রত্যাশিত ব্যাটিং সাফল্য পেয়েছে। কিউই দলপতি স্টিভেন ফ্লেমিং এবং ভেনসেন্ট চমৎকারভাবে পথ নির্দেশনা দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান।

এদিকে ফ্লেমিং জিম্বাবুয়ের অভিজ্ঞ বোলার স্ট্রিকের বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে টেস্ট ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করেন। এর কিছুক্ষন পর তিনি ব্যক্তিগত ১৮ এবং দলীয় ১০০ রানের মাথায় এলবিডব্লিউর জোড়ালো আবেদন থেকে রক্ষা পান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ভেনসেন্ট ওয়ান ডে স্টাইলে ৬১ বল মোকাবেলা করে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ফ্লেমিংও একইভাবে ৯৪ বল মোকাবেলা করে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

লাঞ্চের পর ফ্লেমিং ব্যক্তিগত ৬৫ রানের মাথায় ব্লিসিং মাহওয়ারের বলে উইকেটকিপার দাটেনডার টাইবুর হাতে ধরা দেন।

ফ্লেমিংয়ের উইকেট পতনের পর জিম্বাবুয়ে নতুন জীবন ফিরে পায়। কিছুক্ষণ পর লু ভেনসেন্ট সেঞ্চুরি থেকে আট রান দূরে থাকতেই ৯২ রানের মাথায় আউট হয়ে যান। তাকে আউট করেন স্ট্রিক। তৃতীয় উইকেটেরও দেখা পেতেন স্ট্রিক যদি আম্পায়ার নো-বল না ডাকতেন। উঁচু হয়ে আসা স্ট্রিকের একটি বল মোকাবেলা করতে গেলে ব্যাটের কানায় লেগে তা উইকেটকিপার টাইবুর হাতে জমা পড়ে।

এস্টেল ক্রিজে এসে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় নেন।

স্টাইরাস ৭১ বল মোকাবেলা করে ৪৫ রান করে মাহওয়ারের বলে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।

এরপর ব্রেনডন ম্যাককুলামও দ্রুত প্যাভিলিয়ানে ফিরে যান। তিনি ২২ বল মোকাবেলা করে ২৪ রান করে ডাবেঙ্গওয়ার বলে আউট হন। টেস্ট ক্রিকেটে ডাবেঙ্গওয়ার এটি প্রথম উইকেট।

এদিকে ক্রিজের অপর প্রান্তে দূর্গের মত অবস্থান করেন এস্টেল এবং ১৫৪ বল মোকাবেলা করে ১১তম সেঞ্চরি পূর্ণ করেন।

দিনের শেষ দিকে ভেটোরি দুই রানের জন্য হাফ-সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। তাকে আউট করে ডাবেঙ্গওয়া।