২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্টোর বিরুদ্ধে ম্যাচে চালকের আসনে বাংলাদেশ এ দল

বোলারদের চমৎকার বোলিংয়ের সুবাদে কাউন্টি দল কেন্টের বিরুদ্ধে ম্যাচে চালকের আসনে এখন বাংলাদেশ এ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 10:07 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

তুষার ইমরানের চমৎকার ৮৬ রানের ওপর ভর করে সফরকারি বাংলাদেশ এ দলের গড়া ১৮৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে স্বাগতিক কেন্ট আট উইকেটে ১২৩ রান তোলে। ফলে বাংলাদেশ ‘এ’ দল ম্যাচে এখনও ৬২ রানে এগিয়ে রয়েছে।

বোলিং সহায়ক উইকেটে বাংলাদেশী বোলারদের মধ্যে থেকে সাঈদ ও রাসেল জ্বলে উঠেন। তিনি ৩৫ রানের বিনিময়ে তুলে নেন পাঁচ উইকেট।

কেন্টের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন মার্টিন স্যাগার্স। তিনি তুষার ইমরানের উইকেটসহ ৪৮ রানের বিনিময়ে তুলে নেন পাঁচ উইকেট।

টস জিতে বাংলাদেশ এ দলের অধিনায়ক শাহারিয়ার নাফিস ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ এ দলের ওপেনার নাফিস ইকবাল রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়ানে ফিরে যান। দ্বিতীয় উইকেট জুটিতে শাহারিয়ার নাফিস এবং তুষার ইমরান ৫৯ রানের জুটি গড়ে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। নাফিস ব্যক্তিগত ৩০ রান করার পর ডেনিংটনের বলে প্যাভেলিয়ানে ফিরে যান।

এরপর অলক কাপালি এবং মেহরাব হোসেন জুনিয়র দ্রত আউট হয়ে যাবার পর তুষার ইমরান এবং নাজিমুদ্দিন ৭৫ রানের জুটি গড়ে তোলেন। তুষার ইমরান ৯০ বল মোকাবেলা করে ৮৬ রান করেন, যার মধ্যে বাউন্ডারি ছিল ১৬টি। স্যাগার্সের বলে আউট হয়ে তিনি প্যাভিলিয়ানে ফিরে যান।

নাজিমুদ্দিন ৪৬ বল মোকাবেলা করে ২৭ রান করেন। তাকে আউট করে স্টিফ।

কেন্টের ব্যাটসম্যানরা ইনিংসের শুরুতেই রাসেল এবং শাহাদাত হোসেনের বোলিং তোপের মুখে পড়ে। নতুন বল হাতে রাসেল পাঁচ এবং শাহাদাত হোসেন দুই উইকেট তুলে নেন।

দলীয় ১৩ রানের মাথায় কেন্টের চার উইকেটের পতন ঘটে। দিন শেষে কেন্টের পক্ষে সর্বোচ্চ রান করে ক্রিজে রয়েছেন স্যাগার্স। স্যাগার্স ৩৭ রান এবং জোসেফ চার রান নিয়ে ক্রিজে রয়েছেন।