বুধবার থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ফুটবল, পাতানো ম্যাচ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
দেশের ফুটবলের সবচেয়ে আকর্ষনীয় আসর প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে পাতানো ম্যাচ নিয়ে অভিযোগের তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পাতানো ম্যাচ সম্পর্কে দেশের শীর্ষস্থানীয় তিনটি ক্লাব-মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির কাজের পাশাপাশি বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাব আর ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মধ্যেকার ম্যাচ দিয়ে আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ফুটবল।
নির্বাহী কমিটির বৈঠক শেষে ফেডারেশনের সভাপতি এস এ সুলতান সাংবাদিকদের জানান, ফেডারেশনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত সিনিয়র একজনকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটি পাতানো ম্যাচ সম্পর্কিত অভিযোগগুলোর সত্যতা খুঁজে বের করবে।
সভাপতি বলেন, তদন্ত কমিটি ফেডারেশনের নিয়মনীতির মাধ্যমেই তদন্তকাজ চালাবে এবং ১২ দিনের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। তিনি বলেন, পাতানো ম্যাচ অনুসন্ধান করা কঠিন একটি কাজ।
ফেডারেশন সভাপতি জানান, মোহামেডান লিগে তাদের খেলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করলেও লিগ শেষ হওয়ার আগেই তদন্ত কমিটির রিপোর্ট চেয়েছে।
ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির মাধ্যমে ফুটবল ফেডারেশন পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটিকে পাতানো ম্যাচ চিহ্নিত করার দায়িত্ব দেবে বলে জানান বাফুফে সভাপতি।
নির্বাহী কমিটির বৈঠকে আগে আরামবাগে অবস্থিত ফুটবল ফেডারেশন ভবনের সামনে বিভিন্ন ক্লাবের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে।
