২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে ক্রিকেটের ব্যাপারে আবার আগ্রহ বাড়ছে

ইংল্যান্ড ক্রমেই ক্রিকেটের ব্যাপারে উন্মাদ হয়ে উঠছে। ওল্ড ট্রাফোর্ডের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার সাথে ড্র করার পরও ব্রিটিশ মিডিয়ার মন্তব্য এ রকমই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

আর তাই সংবাদপত্রের শেষের পাতায় ক্রিকেটের সাথে ফুটবলকে রীতিমতো লড়াই করতে হচ্ছে।

গত বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে অ্যাশেজ সিরিজে হারানোর জন্য মাইকেল ভনের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শতবর্ষের পুরনো এই ক্রিকেট খেলা নিয়ে ইংল্যান্ডে নতুন করে চিন্তা-ভাবনা শুরু হয়েছে।

দর্শক পাগল করা ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পরও পত্রপত্রিকার পাতা থেকে অ্যাশেজের খবর নির্বাসনে যায়নি, যা অন্যসময় দেখা যেত। ইংল্যান্ডের বর্তমান দলের ধারাবাহিকতা ও স্মরণকালের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অ্যাশেজ সিরিজের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ড্রয়ের দিকে লেগে থেকে ইংল্যান্ডকে জয় বঞ্চিত করায় দ্য ডেইলি মিরর পত্রিকা অস্ট্রেলিয়ার ওপর বেশ অসন্তুষ্ট হয়েছে। তারা লিখেছে, এটা যন্ত্রণাদায়ক। অ্যান্ড্রু ফ্লিনটফের চমৎকার একটি বল কোনও রকমে শেন ওয়ার্ন ঠেকিয়ে দেওয়ায় ফ্লিনটফের যে হতাশা তা মিরর ছেপেছে।

বাম ধারার ইন্ডিপেনডেন্ট পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠাতেই লিখেছে, ‘চরম টেস্ট’। শেষের পাতায় পত্রিকাটি লিখেছে, ‘এত কাছে, তবু বহুদূরে’। দ্য ফিনান্সিয়াল টাইম্স তাদের প্রথম পাতায় বড় শিরোনামে লিখেছে, ‘ছাইয়ে আগুন ধরিয়ে দিল টেস্ট ড্র’।

৪২৩ রানের রেকর্ড নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া সোমবার পঞ্চম ও শেষ দিনে নয় উইকেট হারিয়ে ৩৬৬ রান সংগ্রহ করে।

ফুটবলের জন্য বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের শহরে ক্রিকেট ম্যাচেও দর্শক ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক খেলা দেখতে এসেছিল। ওল্ড ট্রাফোর্ডের মাঠটির ধারণ ক্ষমতা ২৩ হাজার। খেলা দেখতে না পেরে কমপক্ষে হাজার দশেক দর্শককে নিরাশ হয়ে চলে যেতে হয়েছে। সোমবারের খেলা দেখতে টিকিট কাটার জন্য কমপক্ষে বিশ হাজার ক্রিকেট ভক্ত রাতে মাঠের বাইরে জমায়েত হয়। দ্য টাইম্স এ খবর বিস্তারিত জানিয়েছে।

সম্পাদকীয়তে দ্য টাইম্স জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজরের মতো লোকদেরও পুরনো হয়ে যাওয়া গত এক দশকের নিরানন্দ অ্যাশেজ সিরিজকে ঘিরে ফুটবলের চেয়ে বেশি আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।

নটিংহামের ট্রেন্ট ব্রিজে ২৫ আগস্ট থেকে চতুর্থ টেস্ট শুরু হবে। আর সেপ্টেম্বর মাসে লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে পঞ্চম ও সর্বশেষ টেস্ট।