২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দল অনেক দুর যেতে চায়: মাইকেল ভন

ইংল্যান্ড ক্যাপ্টেন মাইকেল ভন বলেছেন, ইংল্যান্ড ক্রিকেট দল যতদূর ইচ্ছা ততদূরই যেতে সক্ষম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় ওল্ড ট্রাফোর্ডের ড্র হয়ে যাওয়া ম্যাচের পর ভন এ কথা বলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ওল্ড ট্রাফোর্ডের তৃতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে সোমবার অস্ট্রেলিয়ার ইনিংসের দশম উইকেট জুটিতে ব্রেট লি ও ম্যাকগ্রার শেষ চার ওভারের লড়াই ইংল্যান্ডকে জয় থেকে বঞ্চিত করে।

৪২৩ রানের রেকর্ড পরিমাণ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে রিকি পন্টিংয়ের অধিনায়কোচিত শতরানের সুবাদে অস্ট্রেলিয়া নয় উইকেট ৩৭১ রান সংগ্রহ করে। আর সেই সাথে পন্টিং ইংল্যান্ডের জয়ের আশাকে প্রাথমিকভাবে নস্যাৎ করে দেয়। দীর্ঘ সাত ঘন্টা ক্রিজে থেকে পন্টিং ১৫৬ রান করেন। সিরিজে এটা পন্টিংয়ের ও তার দলের প্রথম সেঞ্চুরি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, সিরিজে ২-১ এগিয়ে যাওয়া থেকে আমরা মাত্র এক উইকেট দূরে ছিলাম। অনেকে বলবে এটা হতাশার ব্যাপার। ম্যাচের প্রথম ইনিংসে ভন ১৬৬ রান করেন।

ভন বলেন, কিন্তু লর্ডস টেস্টে হেরে যাওয়ার পর আমার দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে আমি গর্বিত। তিন সপ্তাহ আগে আমাদের কথা লেখাই হত না। আমরা প্রতিযোগিতার বাইরে-এমন কথাও লেখা হয়েছে। অস্ট্রেলিয়া ৫-০ তে ম্যাচ জিতে যাবে এমন কথা আমি বলতে শুনেছি। দুই ম্যাচ বাকি থাকতেই সমীকরণ ১-১ গিয়ে দাঁড়িয়েছে।

লর্ডসের প্রথম টেস্টে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার ২৩৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল। এজবাস্টনের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দুই রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা নিয়ে আসে।

কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের ব্যাটসম্যান ভন বলেন, দল ও দলের সদস্যরা তাদের দৃঢ়তা দেখিয়েছে। মন ও শরীরকে বিশ্রাম দিতে আমাদের হাতে সময় আছে নয় দিন। আমরা পরবর্তী সপ্তাহেই ট্রেন্ট ব্রিজে হাজির হব এবং আমাদের লক্ষ্য থাকবে সেখানেই ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়া।

২৩ বছর বয়সী ইয়ান বেলের দুই ইনিংসে পঞ্চাশোর্ধ রান ও ত্রিশ বছরের নিচের অল-পেস অ্যাটাক সম্পর্কে ভন বলেন, ইংল্যান্ড ক্রিকেট দলের ভবিষ্যত উজ্জ্বল। টেস্ট ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে।

ভন বলেন, আমার ধারনা ইংল্যান্ড দল যতদূর যেতে চায়, ততদূরই যেতে পারবে। আমরা গত দু’সপ্তাহে তা প্রমাণ করে দেখিয়েছি। আমরা অনেক দৃঢ়তা, সক্ষমতা দেখিয়েছে। অনেক তরুণ খেলোয়াড় তাদের সামর্থ্য দেখিয়েছে। এর ফলে ইংল্যান্ড ভবিষ্যতে অনেক দূর যেতে পারবে।

ম্যাচের নাটকীয়তা সম্পর্কে ভন বলেন, আপনি এটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছ, এই চিন্তাটা কখনই আপনার মাথায় আসবে না। একটা সময় ছিল যখন আমরা নয় উইকেট নিয়ে নিয়েছি এবং শেষ উইকেটের জন্য আমাদের হাতে ছিল চার ওভার। আমাদের হাতে সুযোগ ছিল। কিন্তু লি ও ম্যাকগ্রা চমৎকারভাবে পরিস্থিতি সামাল দিয়েছে।

গ্ল্যামারগনের দ্রুতগতির বোলার ও রিভার্স সুইং বিশেষজ্ঞ সাইমন জোন্সের বিশেষ প্রশংসা করেছেন ভন। ভন বলেন, চলতি মৌসুমে বাংলাদেশের সাথে সিরিজের পর থেকেই জোন্স ভালো বোলিং করে আসছে। অস্ট্রেলিয়ার সাথে প্রথম ইনিংসে তার ক্যারিয়ার সেরা ৫৩ রানে ছয় উইকেট শিকার খুব ভালো একটি প্রচেষ্টা।

ইংল্যান্ডের ক্রিকেট ভক্তরা যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ ও জাতীয় ফুটবল দলের সাফল্য নিয়ে বেশি মাথা ঘামায়, সেখানে গত আটটি অ্যাশেজ নিজেদের দখলে রাখা অস্ট্রেলিয়ার সাথে খেলায় তাদের মনোযোগ ক্রিকেটের দিকে কমই থাকার কথা। কেননা, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা শুরু হয়ে গেছে। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। ওল্ড ট্রাফোর্ডে মাঠে সোমবারের সরাসরি খেলা দেখতে না পেরে দশ হাজার দর্শককে বিরস বদনে ফিরে যেতে হয়েছে। মাঠটির ধারণক্ষমতা ২৩ হাজার।

এ সম্পর্কে ভন বলেন, আমি জানি না কত জন লোক মাঠের বাইরে অপেক্ষমান ছিল। এটা অকল্পনীয়। এর ফলে মাঠে যারা খেলছে, তারা সম্মানিত বোধ করে। তারা ভাল ক্রিকেট খেলছে। এটা একটি ভালো বিনোদন। সারা দেশ ক্রিকেট নিয়ে কথা বলছে।

তার ভাষায়, সিরিজের গুনেই আগামী দু’টি ম্যাচ গত দু’টি ম্যাচের মত হবে। ট্রেন্ট ব্রিজেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।