বিসিবি নির্বাচন সামনে রেখে সরকার সমর্থিত কাউন্সিলরদের বিদ্রোহ
সরকার সমর্থিত প্যানেলে পছন্দমত পদ না পাওয়ায় বেশ কয়েকজন বিদ্রোহী কাউন্সিলর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে আলাদাভাবে অংশগ্রহন করতে যাচ্ছেন।
মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় এবং শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারেক চৌধুরী, আলী আসিফ খান, আদনান রহমান দিপন, এএ জাইদান রাব্বি, এম আলী হোসেন এবং এম ওবায়দুর আর নিজাম।
বিভিন্ন রকম চাপ থাকা সত্ত্বেও বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহনে বদ্ধপরিকর। অন্যদিকে বিসিবির সাবেক পরিচালক সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহমুদুল হক মানুও এদিন তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। নিজের প্রার্থিতা ঘোষনার পর তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতি তিনি সমর্থন করেন না।
মানু অভিযোগ করে বলেন, বিসিবি সভাপতি সরকার সমর্থিতদের যেভাবে সমর্থন দিচ্ছেন, তা সম্পূর্র্ণ অনৈতিক।
তিনি আরও বলেন, ‘বোর্ডের বার্ষিক সাধারণ সভা অথবা জরুরী সাধারণ সভায় দুই তৃতীয়াংশ কাউন্সিলরের মতামতের ভিত্তিতে এর নতুন গঠনতন্ত্র অনুমোদন করা উচিত ছিল। একজন কাউন্সিলর হিসেবে নতুন গঠনতন্ত্রের একটি কপি আমিও পাওয়ার অধিকার রাখি, কিন্তু এখনও পর্যন্ত আমি তা পাইনি’। মানু বলেন, এইসব অব্যবস্থাপনার প্রতিবাদ জানানোর জন্যই আমি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আমার প্রার্থিতা ঘোষণা করেছি।
নির্বাচন বয়কটের সম্ভাবনাও উড়িয়ে দেন নি মানু। তিনি জানান, যদি নির্বাচন সরকারি প্রভাবমুক্ত না হয়, তাহলে তিনি নির্বাচন বয়কটও করতে পারেন।
এদিকে প্যানেলের একজন সদস্য হওয়া সত্ত্বেও নির্বাচনে অনাগ্রহ প্রকাশ করেছেন বর্তমানে বিলুপ্ত বিসিবি উপদেষ্টা কমিটির অন্যতম উপদেষ্টা আজিজ আল কায়সার টিটো। তবে প্যানেলের প্রতি তার সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রতি দিয়েছেন তিনি।
টিটো বলেন, এখনও প্যানেল পুনর্বিন্যাস করার যথেষ্ট সময় রয়েছে। তিনি বলেন, যদি সহ সভাপতি পদে তাকে মনোনয়ন দেয়া হয়, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন।
বিসিবির নির্বাচনে ২৮টি পদের জন্য ৬২ জন কাউন্সিলর ১১২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীরা ১৭ আগস্ট তাদের মনোনয়নপত্র জমা দেবেন এবং পরদিন তা বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের চুড়ান্ত সময় হচ্ছে ২০ আগস্ট। বিসিবি ২১ আগস্ট প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করবে।
