শোয়েবের সাথে বিরোধ মিটিয়ে ফেলতে আগ্রহী ইনজি
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আফ্রো এশিয়ান কাপের আগেই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত ফাস্ট বোলার শোয়েব আখতারের সাথে পুরনো বিরোধ মিটিয়ে ফেলতে আগ্রহী পাক অধিনায়ক ইনজামাম উল হক।
এ ব্যাপারে শোয়েবের সাথে দীর্ঘ আলোচনায় বসতে চান ইনজি।
দক্ষিণ আফ্রিকায় ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের আফ্রো এশিয়ান কাপ। টুর্নামেন্টে ইনজামাম এশিয়া দলের নেতৃত্ব দেবেন। দলে শোয়েব আখতারও রয়েছেন।
টুর্নামেন্টের আগেই শোয়েবের সাথে বসে দলের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে চান ইনজি। ইনজামাম বলেন, সামনের মৌসুমগুলোতে আমরা আমাদের প্রধান স্ট্রাইক বোলারের (শোয়েব) কাছ থেকে কি আশা করছি তা তাকে জানাতে চাই। ইনজি আরও বলেন, তার ফিটনেস এবং সাম্প্রতিক ফর্ম সম্পর্কে জানতে আমি আগ্রহী।
এর সাথে সাথে ইনজি এটাও জানিয়ে দিয়েছেন যে, শোয়েবের সাথে তার কোন ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। তার বক্তব্য হলো-আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। আমি তাকে দলের স্বার্থে খেলার পরামর্শ দিয়েছি। আর সে যে একজন ম্যাচ উইনার বোলার তা আমরা সবাই জানি।
শোয়েব আখতারের পাশাপাশি ইনজামাম এশিয়া স্কোয়াডে জায়গা পাওয়া অন্য পাকিস্তানি খেলোয়াড়দের সাথে আলোচনা করবেন।
