অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ডের ৪২৩ রানের পাহাড়
অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ জয় করতে হলে অস্ট্রেলিয়াকে টপকাতে হবে ৪২৩ রান, হাতে একদিন।
ওল্ড ট্রাফোডে ইংলিশ ব্যাটসম্যান এন্ড্রু স্ট্রাসের চমৎকার সেঞ্চুরির উপর ভর করে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ২৮০ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে।
স্ট্রাস ১৫৮ বল মোকাবেলা করে ১০৬ রান করেন, তার ইনিংসে নয়টি বাউন্ডারি এবং দু’টি ছক্কা ছিল। ইয়ান বেল ১০৩ বল মোকাবেলা করে করে ৬৫ রান করেন।
অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা ১১৫ রানের বিনিময়ে তুলে নেন পাঁচ উইকেট। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩০২ রান করে। শেন ওয়ার্ন ৯০ রান করেন।
ইংলিশ বোলার সাইমন জোন্স ৫৩ রানের বিনিময়ে তুলে নেন ছয় উইকেট।
দিনের শুরুতে ইংলিশ ফাস্ট বোলার এন্ড্রু ফ্লিনটফ এবং স্টিভ হার্মিসন বোলিং শুরু করেন। কিন্তু উভয়ই খেলার ছন্দ হারিয়ে ফেলেছিলেন এবং নো-বল করছিলেন।
তবে কয়েক ওভার পরেই শেন ওয়ার্নকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন জোন্স। ডিপ মিড উইকেটে দাঁড়ানো জাইলস ওয়ার্নের ক্যাচটি ধরেন। ওয়ার্নের সেঞ্চুরি অধরাই থেকে যায়।
এরপর গিলেস্পি কিছুটা দৃঢ়তা দেখাতে সমর্থ হন। তিনি ২৬ রান করে জোন্সের বলে আউট হন। এরপর জোন্স একে একে ফিরিয়ে দেন ক্লার্ক ও লী’কে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ইংলিশ ওপেনাররা শক্ত ভিত গড়ে দেয়। ইংল্যান্ডের শিবিরে প্রথম আঘাত হানেন অভিজ্ঞ অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা। ট্রেসকথিককে তিনি বোল্ড করে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন। ট্রেসকথিক ৪১ রান করেন।
মাইকেল ভনকে বেশি দূর এগোতে দেইনি ব্রেট লী। পরিবর্তিত খেলোয়াড় ব্রাড হগ দর্শনীয়ভাবে ভনের ক্যাচটি ধরেন। ভন ১৪ রান করেন।
কিন্তু অপর প্রান্তে স্ট্রাস অসিদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তিনি অসি ফাস্ট বো লারদের বিরুদ্ধে রুদ্র রূপ ধারন করে রান করেই চলছিলেন।
ইয়ান বেল হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৬৫ রান করার পর ম্যাকগ্রার বলে আউট হন।
স্ট্রাস বাউন্ডারি হাকিয়ে সেঞ্চরি পূর্ণ করার পর একই ভাবে ম্যাকগ্রার বল বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে মার্টিনের হাতে ধরা দেন।
কেভিন পিটারসনকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন ম্যাকগ্রা। এরপর একে এক ফ্লিনটফ ও ইয়ান বেলকে ফিরিয়ে দেন ম্যাকগ্রা। স্কোর বোর্ডে যখন ২৮০ রান ঠিক তখনই ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ইনিংস ডিক্লেয়ার করেন।
জবাবে মাঠে নেমে অসি অপেনার ম্যাথু হেইডেন (১৪) এবং জাস্টিন ল্যাঙ্গার (৫) ২৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
