২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো ম্যাচ বিতর্কে তিনদিন পিছিয়ে গেল প্রিমিয়ার লিগের খেলা

‘পাতানো ম্যাচ’ বিতর্কের ডামাডোলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শনিবার প্রিমিয়ার লিগের খেলা তিনদিন পিছিয়ে দিয়েছে। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ শুরুর তিন ঘন্টা আগে এই সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ম্যাচ পাতানো ইস্যুতে মহানগর ফুটবল লিগ কমিটির সাথে জরুরী বৈঠকের পরই প্রিমিয়ার ফুটবল পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৈঠকে ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেডারেশন পাতানো ম্যাচের অভিযোগসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনার জন্য ১৬ আগস্ট আবার বৈঠকে বসবে।

ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির সম্পাদক মোজাম্মেল হক মুক্তা জানান, লিগ পিছিয়ে দিতে তারা বাধ্য হয়েছেন । খুব দ্রুত বিষয়টির মীমাংসা হবে বলে আশা প্রকাশ করেন মুক্তা।

মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড এবং শেখ রাসেল ক্রীড়া চক্র বৃহস্পতিবার পাতানো ম্যাচ খেলার অভিযোগ এনে ব্রাদার্স ইউনিয়ন, ঢাকা ওয়ান্ডারার্স, ইয়ংমেন্স ক্লাব এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের শাস্তি দাবি করলে সমস্যার সূত্রপাত হয়।

এর প্রেক্ষিতে লিগ কমিটি লিগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং শনিবার মোহামেডান না খেললে ফরাশগঞ্জকে পুরো পয়েন্ট দেয়ার ব্যাপারে অনড় থাকে।

এক প্রশ্নের জবাবে ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান সাংবাকিদের জানান, পাতানো ম্যাচ রোধে লিগ শুরুর আগে একটি কমিটি গঠন করা হলেও তারা দু’একটি ম্যাচের পর কোন কাজ করেনি।

লিগের বাইলজ অনুযায়ী, কোন ম্যাচে পাতানো খেলার অভিযোগ পাওয়া গেলে জয়ী দলের কাছ থেকে তিন পয়েন্ট কেটে নেয়া হবে এবং অর্জিত পুরো পয়েন্ট থেকেও তিন পয়েন্ট কেটে নেয়া হবে।