টেস্ট ক্রিকেটে শ্যেন ওয়ার্নের ৬০০ উইকেট শিকার
অস্ট্রেলিয়ার কৃতি লেগ স্পিনার শ্যেন ওয়ার্ন টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন।
বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় অ্যাশেজ টেস্টে ইংলিশ ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিককে আউট করে ৬০০তম উইকেটটি দখল করেন ওয়ার্ন। ১২৬ টেস্টে এসে ওয়ার্ন এই ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করলেন।
ট্রেসকোথিকের উইকেটটি লাভ করার সাথে সাথেই মাঠে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক ওয়ার্নকে অভিনন্দন জানায়। টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় ওয়ার্নের পরই এই মুহূর্তে অবস্থান করছেন শ্রীলংকান স্পিনার মুত্তিয়া মুরলিধরন। মুরলির শিকার সংখ্যা ৫৪৯।
তৃতীয় টেস্টের প্রথম দিনে ট্রেসকোথিক ৬৩ রান করে ওয়ার্নের বলে উইকেট রক্ষক গিলক্রিস্টের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
তিনি চলতি অ্যাশেজের প্রথম দু’টি ম্যাচে ১৫ দশমিক ৩১ গড়ে ১৬ উইকেট শিকার করেন, এর মধ্যে এজব্যাস্টন টেস্টে ৪৬ রান খরচায় ৬ উইকেট তার সেরা বোলিং।
