২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঙ্গুলি না দ্রাবিড়, ভারতের পরবর্তী অধিনায়ক কে?

ভারতীয় ক্রিকেট নির্বাচকরা যখন তাদের পরবর্তী জিম্বাবুয়ে সফরের জন্য দল চুড়ান্ত করতে বসছেন, তখনই অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলির ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে। অর্থাৎ গাঙ্গুলি তার অধিনায়কত্ব ধরে রাখতে পারবেন, না কি সতীর্থ রাহুল দ্রাবিড়ের হাতে দায়িত্ব চলে যাবে, তা বোঝা যাবে কিছুদিন পরই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

১৯টি টেস্টে জয়ের রেকর্ড নিয়ে ভারতের সফল অধিনায়ক সৌরভের পরিবর্তে দ্রাবিড় শ্রীলংকায় সদ্য সমাপ্ত তিনজাতি ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেন। অবশ্য স্লো ওভার রেটের অভিযোগে চার ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে সৌরভও তার দীর্ঘদিনের ডেপুটি দ্রাবিড়ের অধীনে এই টুর্নামেন্টে খেলেন।

তবে দ্রাবিড়ের নেতৃত্বে শ্রীলংকা সফরের শুরুটা ভারতীয় দলের জন্য খুব একটা সুখকর হয়নি। টুর্নামেন্টে ভারত দুর্বল ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে দু’টি জয় পেলেও স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি লড়াইতেই হার মানে। এর মধ্যে ফাইনালে ১৮ রানের হার সবচেয়ে বেদনাদায়ক।

অধিনায়কত্বের ইনিংসে চার ম্যাচ নিষেধাজ্ঞাই গাঙ্গুলির নেতৃত্বকে হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তারপর আবার রয়েছে টেস্টে গত কিছুদিন ধরে তার দুর্বল পারফরম্যান্স। সবশেষ ২০ টেস্টে তার সংগ্রহ ৯২৭ রান। বিপরীতে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের তকমা অর্জন করা রাহুল দ্রাবিড় গত ২০ টেস্টে ৭৪ দশমিক ৩৫ গড়ে ২,০৮২ রান সংগ্রহ করেছেন। বলা যায়, দ্রাবিড়ের কল্যানেই আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ভারত তৃতীয় স্থানে চলে আসে। সব মিলিয়ে গাঙ্গুলির অধিনায়কত্ব যেন সুতোর উপর ঝুলে আছে।

নির্বাচকদের মধ্যে অন্তত একজন অবশ্য গাঙ্গুলির ব্যাপারে কিছুটা সহানুভুতিশীল। সৌরভকে পরীক্ষিত নেতা আখ্যায়িত করে তার অধিনায়কত্ব ফিরে পাওয়া উচিত বলে মন্তব্য করেন ওই নির্বাচক। তবে মন্তব্যটি যে একান্তই তার ব্যক্তিগত সেটা জানাতেও ভুল করেন নি নির্বাচক।

গাঙ্গুলি (৩৩) এবং দ্রাবিড় (৩২) উভয়েরই টেস্ট অভিষেক ঘটে ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। অভিষেকে কলকাতার যুবরাজ ১৩১ রানের চমৎকার একটি শতক উপহার দিলেও মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিস করেন দ্রাবিড়।

ভারতের মাষ্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে সরিয়ে ২০০০ সালে নেতৃত্বে নিয়ে আসা হয় সৌরভকে। সেসময় ডেপুটি হিসেবে পাশে দ্রাবিড়কে পান তিনি। সৌরভের দৃঢ়চেতা আর শক্তিশালী নেতৃত্বে ভারত ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২ - ১ এ সিরিজ জিতে নেয়। তাছাড়া পাকিস্তানের মাটিতে ২০০৪ সালে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতে বিজয়ীবেশে দেশে ফেরেন গাঙ্গুলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৩-০৪ সালে গাঙ্গুলির ১৪৪ রানের সুবাদেই সিরিজ ১-১ এ ড্র করতে সক্ষম হয় ভারত। কিন্তু এর পরপরই যেন হারিয়ে যেতে থাকে সৌরভের অধিনায়কত্বের সৌরভ। সব শেষ স্লো ওভার রেটের কারণে সৌরভের কাঁধে আইসিসির নিষেধাজ্ঞা চেপে বসলে এপ্রিলে পাকিস্তানের বিরুদ্ধে দু’টি এবং শ্রীলংকায় ওয়ানডে সিরিজে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বের রাস্তাটা পরিস্কার হয়ে যায়। তাছাড়া সৌরভ ইনজুরিতে থাকায় দ্রাবিড় পাঁচ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এতে জয় পরাজয়ের পাল্লাটা সমান সমান। একটি ম্যাচ ড্র হয়।

এবার ভারতীয় এই দুই ব্যাটসম্যানের পুরো ক্যারিয়ারের দিকে নজর ফেরানো যাক। গাঙ্গুলির নেতৃত্বে ভারত যে ১৪১টি ওয়ানডে খেলেছে তাতে অবশ্য জয়ের পাল্লাটা ভারী, অর্থাৎ জয় ৭৩, পরাজয় ৬৩ এবং পাঁচটি ম্যাচ অমীমাংসিত থাকে। ৮২ টেস্টে গাঙ্গুলি ৪০ দশমিক ৯০ গড়ে রান করেছেন ৪,৯৪৯, সেঞ্চুরি ১১টি। ২৭৪ ওয়ানডে খেলে ২২টি শতক সহ গাঙ্গুলির সংগ্রহ ১০,০৪৬ রান।

বিপরীতে ৮৯ টেস্টে ৫৭ দশমিক ৮৬ গড়ে দ্রাবিড় রান করেন ৭,৬৯৬, সেঞ্চুরি ২০টি। ২৫৭টি ওয়ানডেতে তার সংগ্রহ ৮,৩১৯ রান এবং শতক ১০টি।