বিসিবির নির্বাচনে আবাহনীর কাউন্সিলরশীপের ব্যাপারে কোন মীমাংসা হয়নি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে আবাহনীর কাউন্সিলরশীপের ব্যাপারে উত্থাপিত আপত্তিটি এখনও ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ইদ্রিস মিয়া বুধবারও এ বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহন না করায় বিষয়টি অমীমাংসিতই রয়েছে।
সিইসি সাংবাদিকদের জানান, তিনি আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের মতামতের জন্য অপেক্ষা করছেন, তার মতামত না পাওয়া গেলে পরবর্তীতে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন। তাছাড়া সিইিসি আরও জানান, বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাবের পক্ষ থেকে যে ১১টি আপত্তি পাওয়া গেছে তারমধ্য থেকে দু’টি আপত্তি গ্রহন করা হয়েছে।
একটি আপত্তির নিস্পত্তিতে সিলেট জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোয়নপ্রাপ্ত মিফতাব সিদ্দিকের মনোনয়ন বাতিল করে দিয়ে আহমেদ আরিফকে মনোনয়ন দেয়া হয়েছে। অপর আপত্তির নিস্পত্তিতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়নপ্রাপ্ত শাহেদ আজগরের মনোনয়নও বাতিল করে দেয়া হয়েছে। ফলে বিসিবির নির্বাচনে চট্টগ্রামের কোন কাউন্সিলর রাখার পথ বন্ধ হয়ে গেল। শাহেদ আজগরের ব্যাপারে আপত্তি জমা দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল বাশার।
জাতীয় ক্রীড়া পরিষদের লিগ্যাল অ্যাডভাইজর কবিরুল হাসান জানান, মনোনয়ন জমা দেয়ার ক্ষেত্রে নিয়ম না মানায় জন্য চট্টগ্রামের কাউন্সিলরশীপ বাতিল করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, যেসব আপত্তির শুনানীতে তিনি সন্তুষ্ট হয়েছেন সেসব আপত্তির বিষয়ে সিদ্ধান্ত দেয়া হয়েছে। তাছাড়া সম্পূর্ন প্রভাবমুক্ত থেকে সিদ্ধান্ত দেয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান সিইসি। তিনি জানান, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থাগুলোর সভাপতিদের মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে।
শুনানীতে ১১ জন পিটিশনার ছাড়াও সিইসি, রির্টানিং অফিসার এবং বিসিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে মানিকগঞ্জ, রংপুর, সিলেট, খুলনা ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য, গোপীবাগ ফ্রেন্ডস এসোসিয়েশন ও ক্রিকেট কোচিং স্কুলের পক্ষ থেকে আপত্তি জমা দেওয়া হয়।
এদিকে শুনানীতে হেরে যাওয়া আবেদনকারীরা ক্রীড়া পরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রীট দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
