তৃতীয় টেস্টে লি এবং ম্যাকগ্রার ফেরার অপেক্ষায় অসিরা
ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে মাত্র দুই রানে নাটকীয়ভাবে হারিয়ে সিরিজে সমতা আনতে পেরে যতটা ফুরফুরে মেজাজে রয়েছে ইংলিশরা, বিপরীতে জয়ের কাছে এসেও অভাবনীয় পরাজয় আর দুই স্ট্রাইক বোলার- ব্রেট লি ও ম্যাকগ্রার ইনজুরির কারণে ততটাই উদভ্রান্ত অসি দল। তবে তৃতীয় টেস্টের আগে লি’র সুস্থতার ব্যাপারে মোটামুটি নিশ্চিন্ত হওয়া গেলেও ম্যাকগ্রার জন্য রীতিমত প্রার্থনা করতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।
হাঁটুর আঘাত নিয়ে দু’রাত হাসপাতালে কাটানোর পর ডেরায় ফিরেছেন লি। বুধবার সকালেই তিনি দলে ফেরা এবং ফিটনেস টেস্টে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অসি দলপতি রিকি পন্টিংয়ের কথাতেই যেন কিছুটা স্বস্তির গন্ধ পাওয়া গেল। পটিংয়ের মতে, তার (লি) ফেরার ভালো সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় টেস্ট শুরুর আগে অনুশীলনের সময় বলের উপর পা পড়ে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে ফেলা ম্যাকগ্রার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে হাঁটাহাঁটি করার সময় ক্র্যাচকে সঙ্গী করতে হচ্ছে এখনও।
অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট অ্যারল অ্যালকট ওল্ড ট্রাফোর্ড টেস্টে কোন ক্রিকেটারের বাদ পড়ার বিষয়টি নাকচ করে দিলেও ম্যাকগ্রা কিন্তু চতুর্থ টেস্টে ফেলার ব্যাপারে আশাবাদী।
এদিকে ওল্ড ট্রাফোর্ডে উইকেটের যে চরিত্র তাতে করে ক্রিকেটারদের মনে হতে পারে, একেক জন পাথরের উপর দিয়ে দৌঁড়–চ্ছেন। পিচের এই চরিত্র বজায় থাকলে টেস্টে ৬০০ উইকেট থেকে মাত্র এক উইকেট দুরে থাকা শ্যেন ওয়ার্নকে একটু বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।
তবে এক্ষেত্রে ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, কাউন্টি লিগে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে গত মে মাসে ডারহামের হয়ে নয় উইকেট তুলে নিয়েছিলেন দীর্ঘদেহী এই পেসার। এদিক থেকে কিছুটা হলেও বিশ্ব চ্যাম্পিয়নদের চাইতে এগিয়ে থাকবে স্বাগতিকরা।
