২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিয়ান অয়েল কাপ নিজেদের ঘরে রেখে দিল শ্রীলংকা

ইন্ডয়ান অয়েল কাপ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা নিজেদের ঘরেই রেখে দিয়েছে স্বাগতিক শ্রীলংকা। মঙ্গলবার ফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 10:41 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এর আগে স্বাগতিক দল জয়ের জন্য ভারতের সামনে ২৮২ রানে টার্গেট ছুঁড়ে দেয়। ভারতের দুই ওপেনার সৌরভ গাঙ্গুলি আর বিরেন্দর শেওয়াগ সূচনাটা ভালোই করেছিলেন। উদ্বোধনী জুটিতে রান উঠে ৬২। শেওয়াগ শ্রীলংকান বোলাদের বেধড়ক পিটিয়ে ২২ বলে নয়টি চার আর একটি ছয়ের মাধ্যমে ৪৮ রান করে ভাসের বলে বোল্ড হয়ে যান।

এরপর অধিনায়ক দ্রাবিড় আর গাঙ্গুলি দলীয় রানকে ১০২ এ নিয়ে যান। কিন্তু এই সিরিজেই ওয়ানডেতে দশ হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ফেলা গাঙ্গুলি ২৬ রান করে দিলশানের বলে এলবিডব্লিউ হন। যুবরাজকে সাথে নিয়ে ইনংস মেরামতের ভারটা নিয়ে নেন অধিনায়ক দ্রাবিড়।

এই জুটির ব্যাটিংয়ে ভারতের রানের চাকা ভালোভাবেই সচল থাকে। শ্রীলংকান বোলারদের হতাশায় ডুবিয়ে নিজের অর্ধশতক পূরন করে ফেলেন দ্রাবিড়। ৯৯ বলে মাত্র তিনটি চারের সহায়তায় ৭২ রানের একটি ধৈর্যশীল ইনিংস খেলার পরই ধৈর্য হারিয়ে ফেলেন ভারতীয় কাপ্তান। দলীয় ২০৫ রানে দিলশান - সাঙ্গাকারা কম্বিনেশনে রান আউট হয়ে সাজঘরে ফেরেন দ্রাবিড়। এর আগে অবশ্য ৪২ রান করে চন্দনার বলে দিলহারার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন যুবরাজ।

ভারতের শেষের দিকের ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়ায় ব্যস্ত থাকায় হার দিয়েই শ্রীলংকায় ওয়ানডে অভিযান শেষ করে গ্রেগ চ্যাপেল এন্ড কোং। এর মধ্যে অবশ্য মোহাম্মদ কাইফ ৩১ রান করে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু তার এই প্রতিরোধে শ্রীলংকার জয় শুধু  বিলম্বিতই হয়েছে। শেষ পর্যন্ত ভারত নয় উইকেট হারিয়ে ২৬৩ রান তুলতে সক্ষম হয়।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনালে টসে জিতে শ্রীলংকার অধিনায়ক মারভান আতাপাত্তু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু স্বাগতিকদের শুরুটা খুব একটা ভালো হয়নি। ভারতের পেসার আশীষ নেহরা ৬৭ রানের মধ্যে ওপেনার আতাপাত্তুর উইকেটসহ তিনটি উইকেট তুলে নিলে ছোটখাট ঝড়ের মুখে পড়ে শ্রীলংকা।

তবে আরেক ওপেনার সনথ জয়সুরিয়া, মিডল অর্ডারে জয়বর্ধনে এবং রাসেল আরনল্ডের তিনটি অর্ধশতকের উপর ভর করে নয় উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় তারা। দলীয় ৩২ রানেই নেহরার প্রথম শিকারে পরিনত হন অধিনায়ক আতাপাত্তু। এরপর স্বল্প সময়ের ব্যবধানে দিলহারা আর সাঙ্গাকারা নেহরার উইকেটে পরিনত হলে বিপর্যয়ের মধ্যে পড়ে স্বাগতিকরা।

এ অবস্থায় জয়বর্ধনেকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান জয়সুরিয়া। এর মধ্যেই শ্রীলংকার ড্যাশিং ওপেনার জয়সুরিয়া ওয়ানডেতে দশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করে ফেলেন। দশ হাজার রানের লক্ষ্যমাত্রায় পৌঁছুতে জয়সুরিয়ার প্রয়োজন ছিল মাত্র দশ রানের। ভারতের মাষ্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হকের পর জয়সুরিয়া চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই গৌরবের অধিকারি হলেন।

জয়সুরিয়া শেষ পর্যন্ত ৭৭ বলে নয়টি চারের সহায়তায় ৬৭ রান করে নেহরার চতুর্থ শিকারে পরিনত হন। জয়বর্ধনের সাথে জুটি বাধেন রাসেল আরনল্ড। এই দুই ব্যাটসম্যান ভারতীয় সব আক্রমনকে ভোঁতা করে দিয়ে দলীয় রানকে ২৪৭ পর্যন্ত টেনে নিয়ে যান। ৯৭ বলে পাঁচটি চারের সাহায্যে ৮৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে নেহরার বলে কাইফের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জয়বর্ধনে।

এরপর আরনল্ডও বেশিক্ষণ টিকতে পারেননি। স্কোর বোর্ডে আরমাত্র দশ রান যোগ হতেই রাহুল দ্রাবিড়ের নিখুঁত থ্রোতে রান আউট হয়ে যান আরনল্ড। তবে যাওয়ার আগে ৬৩ বলে চারটি বাউন্ডারির সহায়তায় ৬৪ রান করে দলকে শক্ত ভিত্তি দিয়ে যান। মূলত এই তিনটি হাফ সেঞ্চুরির কল্যানেই ভারতের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম হয় শ্রীলংকা। তাছাড়া দলের আর কোন ব্যাটসম্যানই ভারতীয় বোলার বিশেষ করে পেসার নেহরার সামনে দাঁড়াতেই পারেন নি।

নয় উইকেটের মধ্যে ছয়টিই তুলে নেন এই পেসার, বাকি তিনটি রান আউট। বলাই বাহুল্য ভারতের অন্য বোলাররা রয়ে যান উইকেট শুন্য। 

সংক্ষিপ্ত স্কোর : শ্রীলংকা ৫০ ওভারে ২৮১/৯ (জয়সুরিয়া ৬৭, জয়বর্ধনে ৮৩, আরনল্ড ৬৪, নেহরা ৬/৫৯)।

ভারত: (শেওয়াগ ৪৮, দ্রাবিড় ৭২, যুবরাজ ৪২, কাইফ ৩১, ভাস ২/৩৭, মুরলিধরন ২/৩৫, চন্দনা ২/৪১)।