বিসিবি’র নির্বাচনে আবাহনীর কাউন্সিলরের বিষয়ে আপত্তি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে আবাহনীর কাউন্সিলর হিসেবে আহমেদ সাজ্জাদুল আলম ববির নাম চুড়ান্ত করায় মঙ্গলবার আপত্তি জানিয়েছেন আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল (লোটাস কামাল)।
এর আগে মোস্তফা কামাল আবাহনীর কাউন্সিলর হিসেবে জালাল ইউনূসের নাম প্রস্তাব করে বিসিবি বরাবর একটি চিঠি ফ্যাক্সের মাধ্যমে প্রেরণ করেন। কিন্তু আবাহনীর পরিচালক কাজী শাহেদ আহমেদ ক্লাব প্যাডে কাউন্সিলর হিসেবে ববির নাম প্রেরণ করেন।
কামাল তার অভিযোগে জানান, তার প্রস্তাবেই পূর্ববর্তী দু’জন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এবং দেশের বাইরে থাকায় ফ্যাক্সের মাধ্যমে তার স্বাক্ষরিত চিঠিতে আবাহনীর কাউন্সিলর হিসেবে জালাল ইউনূসের নাম প্রস্তাব করা হয়।
নির্বাচনের রিটার্নিং অফিসার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আবুল কালাম আজাদ মঙ্গলবার আরও দশটি আপত্তি গ্রহন করেন।
মানিকগঞ্জ, রংপুর, সিলেট, খুলনা, চট্টগ্রাম, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা এবং গোপীবাগ ফ্রেন্ডস ও সিসিএস’র পক্ষ থেকে এই আপত্তি জানানো হয়। এ ব্যাপারে বুধবার ক্রীড়া পরিষদে শুনানী অনুষ্ঠিত হবে।
