শাহরিয়ার নাফিসের ১৪৭ রানের ওপর ভার করে বাংলাদেশ ‘এ’ দলের বড় জয়
ইংল্যান্ড সফররত বাংলাদেশ ‘এ’ দল চেস্টার লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে রোববার একদিনের ম্যাচে ডারহাম ক্রিকেট দলকে ৮৬ রানে হারিয়েছে। অধিনায়ক শাহরিয়ার নাফিসের ১৪৭ রানের বড় ইনিংসের হাত ধরেই আসে এ জয়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ক্যাপ্টেন শাহরিয়ার নাফিস ১৪৭ রান করেন। ক্যাপ্টেনের ১৩৩ বলের ইনিংসে ছিল বিশটি চার ও একটি ছয়ের মার।
৩০০ রানের বিশাল টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ডারহাম ৪৫ দশমিক দুই ওভারে সব কটি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে থর্প ৫২ ও ক্যাপ্টেন জেএ লোয়ি ৩৬ রান করেন।
শাহাদাত হোসেন ৩৪ রানে চার উইকেট নেন। এছাড়া রাসেল ২৯ রানে দুই উইকেট এবং আলমগীর ও আব্দুর রাজ্জাক প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
দলের নিয়মিত ওপেনার নাফিস ইকবালের অনুপস্থিতির কারণে ক্যাপ্টেন নাফিস অপর অপেনার মেহরাব হোসেন জুনিয়রের সাথে বাংলাদেশ ইনিংসের সূচনা করেন। দু’জনে উদ্ভোধনী জুটিতে ২০৯ রান সংগ্রহ করেন। ক্যাপ্টেনের সেঞ্চুরির পাশাপাশি মেহরাব ১২৩ বল খেলে ৫৯ রান করেন।
তবে বাংলাদেশ ইনিংসের শেষের দিকে নাজিমুদ্দিনের ছোট্ট ব্যাটিং ঝড় দলকে তিনশ’র কাছাকাছি নিয়ে যেতে সহায়তা করে। নাজিমুদ্দিন মাত্র সাত বলে ২৮ রান সংগ্রহ করেন, যার মধ্যে ছিল দুটি চার ও তিনটি বিশাল ছক্কা।
