পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন বীরবিক্রমকে এমএসসিএসএ’র সংবর্ধনা
বিশ্ব ফুটবল সংস্থা ফিফা’র ‘অর্ডার অব মেরিট অ্যাওয়ার্ড’ লাভ করায় পানি সম্পদ মন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবলার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব সাপোর্টাস এসোসিয়েশন (এমএসসিএসএ) সংবর্ধনা প্রদান করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী বলেন, পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিনের এই সম্মান নিঃসন্দেহে কৃতিত্বের। এর আগে ব্যারিস্টার নাজমুল হুদা পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দিনের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন বীরবিক্রম তাকে সংবর্ধনা দেয়ায় এমএসসিএসএ’কে ধন্যবাদ জানান। পানিসম্পদ মন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা জনগনের সন্তুষ্টির জন্যই খেলি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমএসসিএসএ’র সভাপতি সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, উপদেষ্টা খায়রুল কবির খোকন এমপি, সাধারণ সম্পাদক মোতাহারুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, সাবেক ফুটবলার বাদল রায় ও আব্দুল হামিদ।
