অনুর্ধ্ব ১৮ হকিতে মায়ানমারের জালে বিএইচএফ লাল দলের ১০ গোল
নর্থ বেঙ্গল সি এ ৩য় বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনুর্ধ্ব ১৮ হকি প্রতিযোগিতায় শনিবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) লাল দল ১০ - ১ গোলের বিশাল ব্যবধানে মায়ানমার দলকে হারায়। বিএইচএফ লাল দলের জিমি হ্যাটট্রিকসহ চারটি, সামাদ মামুন দু’টি ও ইকবাল নাদিম, ইব্রার আহমেদ, আসিফ, রাহাত একটি করে গোল করেন। মায়ানমারের পক্ষে একটি গোল পরিশোধ করেন অং নাই উইং।
দ্বিতীয় ম্যাচে ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একমাত্র গোলে হারায় বিএইচএফ সবুজ দলকে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ইউথভির সিং।
দিনের শেষ ম্যাচে শ্রীলংকা ৩ - ২ গোলে হারায় বিকেএসপি সবুজ দলকে। বিজয়ী দলের মিলান, জয়সুরিয়া ও প্রভাত একটি করে গোল করেন, অন্যদিকে বিকেএসপি সবুজ দলের হয়ে দু’টি গোল করেন সাবার রহমান ও জামাল।
