অ্যাশেজ লড়াইয়ে প্রথম ইনিংসের প্রথম দিনে ইংল্যান্ড ৪০৭ এ অলআউট
স্বাগতিক ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সবগুলি উইকেট হারিয়ে ৪০৭ রান তুলেছে।
মারকাস ট্রেসকথিক, কেভিন পিটারসন এবং এন্ড্রু ফ্লিনটফের হাফ সেঞ্চুরির উপর ভর করে ইংল্যান্ডের রান চারশ’র কোটা পার হয়।
অসি স্পিনার শেন ওয়ার্ন তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। ম্যাচে তিনিই ছিলেন সবচেয়ে খরচে বোলার। তবে ১১৬ রান দিলেও চার চার জন ইংলিশ ব্যাটসম্যানকে তিনি সাজ ঘরের পথ দেখান। অসি ফাস্ট বোলার মাইকেল ক্যাসপ্রোইস ৮০ রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট।
গ্লেন ম্যাকগ্রার ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন মাইকেল ক্যাসপ্রোইস। ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময ম্যাকগ্রা বলের উপর পড়ে হাঁটুতে আঘাত পান।
ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ম্যাচেও ম্যাকগ্রার খেলার সম্ভবনা ক্ষীন।
প্রথম উইকেট জুটিতে ট্রেসকথিক এবং এন্ড্রু স্ট্রাস শক্ত ভিত গড়ে দেন। ট্রেসকথিক ৯০ এবং স্ট্রাস ৪৮ রান করেন। প্রথম সেশনে ইংল্যান্ড দল স্কোরে ১৩২ রান যোগ করেন।
তবে লাঞ্চের পর ইংল্যান্ডের রানের গতি বৃদ্ধি পায়। তখন ওভার প্রতি রান রেট দাঁড়ায় ছয়।
তবে ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানদের ভাগ্যও কিছুটা সহায় ছিল। প্রথমে স্ট্রাস ব্যক্তিগত চার রানের মাথায় শেন ওয়ার্নের বলে প্রথম স্লিপে দাড়ানো গিলেস্পি ক্যাচ মিস করেন।
ট্রেসকথিক ব্যক্তিগত ৩২ রানর সময় প্যাভিলিয়ানে ফিরে যেতে পারতেন যদি আম্পায়র ক্যাসপ্রোইসের বল নো সংকেত না দিতেন।
অর্ধ--শত রান থেকে দুই রান দুরে থাকতে স্ট্রাসকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন শেন।
লাঞ্চের পর ট্রেসকথিক সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকা অবস্থায় ক্যাসপ্রোইসের বল উইকেটকিপারের হাতে সহজ ক্যাচ দিতে বাধ্য হন। মাত্র দুই বল পরে ক্যাসপ্রোইসেরই বলে আবারও গিলেস্পির হাতে ধরা দেন ইয়ান বেল।
ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে বেশি দূর এগোতে দেননি গিলেস্পি। ভন ২৪ রান করে প্যাভেলিয়ানে ফিরে যান।
পিটারসন ৭৬ বল মোকাবেলা করে ৭১ রান করেন। তার ইনিংসটি ১০টি বাউন্ডারি এবং একটি ছক্কা দিয়ে সাজানো ছিল। তাকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন ব্রেট লি।
ফ্লিনটফ ৬২ বল মোকাবেলা করে ৬৮ রান করেন। ফ্লিনটফকে ফিরিয়ে দেন গিলেস্পি। দিনের শেষভাগে বৃষ্টির হানায় ব্যাট করতে পারেনি অসিরা।
