২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল দলের দশম কোচ ক্রুসিয়ানি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আগের কোচ জর্জ কোটান ফিরে গেছেন ২০০৩ এর জানূয়ারিতে। তার প্রায় আড়াই বছর এদেশের ফুটবল এগিয়েছে কান্ডারিবিহীন তরীর মত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এই দীর্ঘ সময় পর অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য কোচ খুঁজে পেয়েছে। আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির হাতে বৃহস্পতিবার জাতীয় দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছে।

ল্যাটিন আমেরিকার এই কোচ বাংলাদেশের দশম ফুটবল কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতীয় দলের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন  প্রথম বিদেশী কোচ হিসেবে ১৯৭৮ সালে জার্মানির বেকেল হপ্টকে  নিয়োগ দেয়।

ক্রুসিয়ানির হাতে জাতীয় ফুটবল দলের দায়িত্ব তুলে দেয়া উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান, সহ সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু, আব্দুর রহিম, মনির আহমেদ, কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, যুগ্ম সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কোচ ক্রুসিয়ানি ও ট্রেনার ভিক্টর কোলম্যান। চুক্তিতে ফেডারেশনের পক্ষে স্বাক্ষর করেন এর  সহসভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

এর আগে গত মার্চে ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার ভিসেন্ট্রি কায়টানো রড্রিগুয়েজকে প্রদান কোচ, ক্রুসিয়ানি অনুর্ধ্ব ২৩ দলের কোচ এবং ট্রেনারকে নির্বাচিত করে। সে সময় সাবেক কৃতি ফুটবলার কাজী সালাউদ্দিনকে কোচদের জন্য অর্থ সংস্থানের দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে পর্যাপ্ত অর্থ সংস্থানের ব্যবস্থা না হওয়ায় এই তালিকা থেকে রড্রিগুয়েজকে বাদ দেয়া হয়।

এই মুহূর্তে কোচ ও ট্রেনারের জন্য বেতনভাতার ব্যয় মেটানো হবে ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে এবং দু’জনের প্রথম মাসের বেতন যথাক্রমে চার ও দুই হাজার ডলার অগ্রিম দেয়া হয়েছে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ সিজার লুইস মেনত্তির সহযোগি হিসেবে কাজ করা মৃদুভাষী ক্রুসিয়ানি বুধবার  তার দেখা প্রিমিয়ার লিগের ম্যাচ সম্পর্কে জানান, ম্যাচে টেকনিক ও ট্যাকটিসের অভাব রয়েছে। তবে এইসব ঘাটতি তিনি দুর করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

সালাউদ্দিন আহমেদ জানান, চুক্তির শর্তানুযায়ী ক্রুসিয়ানি জাতীয় দলের পাশাপাশি অনুর্ধ্ব ২৩ দলেরও দায়িত্ব পালন করবেন এবং জাতীয় দল গঠনে তাকে ‘পূর্ন’ ক্ষমতা দেয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে কৃতি এই ফুটবলার জানান, ফেডারেশনের পক্ষ থেকে নতুন কোচকে আরও কিছু দায়িত্ব দেয়া হতে পারে। আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে র্তণমূল পর্যায়ে কোচদের পরামর্শও দেবেন ক্রুসিয়ানি।

এশিয়া এবং ল্যাটিন আমেরিকার ফুটবল স্টাইলের মধ্যে কোন দ্বন্দ্ব হবে কিনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, খেলা হিসেবে ফুটবল স্বতন্ত্র একটি খেলা, কিন্তু ইউরোপ, ল্যাটিন আমেরিকা  এবং এশিয়ার ফুটবলের ধরনে পার্থক্য থাকতে পারে। তিনি বলেন, ইউরোপের নামকরা ফুটবল লিগের শীর্ষ ফুটবলাররা বেশিরভাগই অন্যদেশের, আমার মনে হয় বাংলাদেশের ফুটবলের ওপর ল্যাটিন আমেরিকার কোন প্রভাব পড়বে না।

বেকেল হপ্টের পর বাংলাদেশে যেসব বিদেশী কোচ দায়িত্ব পালন করেছেন তারা হলেন গেরহার্ড শিমড (জার্মানি), নাসের হেজাজী (ইরান), ওল্ডরিখ সোয়াব (সুইজারল্যান্ড), ম্যান ইয়ং ক্যাং (কোরিয়া), অটো ফিস্টার (জার্মানি), শামির সাকির (ইরাক), মার্ক হ্যারিসন (ইংল্যান্ড) ও জর্জ কোটান (অস্ট্রিয়া)।