এশিয়ান স্কোয়াডে ডাক পেলেন মাশরাফি
আসন্ন আফ্রো এশিয়ান কাপের জন্য ঘোষিত এশিয়া স্কোয়াডের স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও ১৫ জনের দলে ডাক না পাওয়ায় পেসার মাশরাফি বিন মুর্তজার আফসোস ছিল।
অবশেষে মাশরাফির ভাগ্যের শিকে ছিঁড়লো। স্কোয়াডের পাকিস্তানি বোলার নভেদ উল হাসানকে টুর্নামেন্টের সময় দলে পাওয়া যাবে না। আর এই সুযোগে দলে ডাক পেয়েছেন মাশরাফি।
আফ্রো এশিয়ান ক্রিকেট কোঅপারেশনের কাছ থেকে গ্রীন সিগনাল পাওয়ার পরপরই বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়ান স্কোয়াডে মাশরাফির অন্তর্ভূক্তির বিষয়টি ঘোষণা করে।
দুবাইএ গত ১ আগস্ট আফ্রো এশিয়া কাপের জন্য যে ১৫ জনের দল ঘোষনা করা হয়, তাতে খালেদ মাসুদ আর শ্রীলংকার মারভান আতাপাত্তুর সাথে স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন মাশরাফি।
মাশরাফির দলে জায়গা করে নেয়ায় এশিয়ান স্কোয়াডে বাংলাদেশী ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো দুই ।
এশিয়ান স্কোয়াডের ১৫ জনের দলে স্থান করে নেয়ার ব্যাপারে মাশরাফি জানান, প্রথমে ১৫ জনের দলে জায়গা না পাওয়ায় হতাশ হয়েছিলাম, তবে এই মুহূর্তে খুশি।
স্কোয়াডের আরেক সদস্য মোহাম্মদ আশরাফুলের সাথে ১৪ আগস্ট দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন মাশরাফি।
এশিয়া স্কোয়াড : ইনজামাম উল হক (অধিনায়ক), রাহুল দ্রাবিড়, বিরেন্দর শেওয়াগ, কুমার সাঙ্গাকারা, সনথ জয়সুরিয়া, ইউসুফ ইউহানা, শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, মুত্তিয়া মুরলিধরন, চামিন্দা ভাস, ইরফান পাঠান, মোহাম্মদ আশরাফুল, অনিল কুম্বলে, শোয়েব আখতার। অতিরিক্ত : মারভান আতাপাত্তু ও খালেদ মাসুদ।
