পাকিস্তানের বিশ্বকাপ দলে ‘বিরিয়ানি’র সৌরভ!
পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট ওয়েস্ট উইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা সবারই জানা। কিন্তু ক্যারিবিয়ানে যে পাকিস্তান দল সব সময়ই খাবারের সমস্যায় পড়ে এটা হয়তো অনেকেরই জানা নেই। এর আগে ওয়েস্ট উইন্ডিজে পাকিস্তানের সব সফরেই ক্রিকেটাররা ফাস্ট ফুড খেয়েই ক্ষুধা নিবারণ করেছেন।
ক্রিকেটারদের এই সমস্যা দুর করতে এগিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে ২০০৭ বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান দলে একজন দেশী পাচক যুক্ত হতে যাচ্ছে। অবশ্য ক্রিকেটারদের অনুরোধেই যে দলে দেশী পাচকের অন্তর্ভুক্তি ঘটতে যাচ্ছে সেটা পিসিবির কর্মকর্তারাই জানিয়েছেন। খবর বার্তা সংস্থার।
পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ওয়েস্ট উইন্ডিজে পাকিস্তান দলের খেলোয়াড়রা সব সময়ই খাবারের সমস্যায় ভুগে থাকেন, এটা আগে থেকেই জানা ছিল। সম্প্রতি ওয়েস্ট উইন্ডিজ সফরে পাকিস্তান দলের খাবারের সমস্যাটা এতটাই তীব্র ছিল যে ক্রিকেটাররা সবজি আর ফাস্ট ফুড খেয়েই সফর শেষ করেছে।
পিসিবি কর্মকর্তা আরও জানান, বিশ্বকাপের মত দীর্ঘ সফরে দলের সাথে একজন পাচক পাঠানোর পরামর্শটা ক্রিকেটাররাই দিয়েছেন। আর বোর্ডের উচিত ক্রিকেটারদের খাবারের ব্যাপারটি নিশ্চিত করতে একজন পাচক দলের সাথে ওয়েস্ট উইন্ডিজে পাঠানো।
আর সেটা যদি নিশ্চিত হয়েই যায় তাহলে পাকিস্তানি ক্রিকেটাররা ক্যারিবিয়ানে বসেই উপমহাদেশের ‘বিরিয়ানি’র সৌরভ পাবেন বলাই বাহুল্য।
