আফ্রো-এশিয়া কাপের এশিয়ান একাদশে বাংলাদেশের অন্তত দুই জন ক্রিকেটারকে রাখা উচিত ছিল
মোহাম্মদ আশরাফুল আফ্রো-এশিয়া কাপের জন্য ঘোষিত এশিয়া স্কোয়াডে জায়গা করে নিয়েছেন খবরটা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন।
শফিকুল হক হীরা, রবি শাস্ত্রী, মাজিদ খান, গ্রায়েম ল্যাবরয়ের সমন্বয়ে গঠিত নির্বাচক দল সোমবার যে দল ঘোষনা করেন তাতে অবশ্য বাংলাদেশের আরও দুই জন রয়েছেন। কিন্তু খালেদ মাসুদ আর মাশরাফি বিন মুর্তজাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়।
আর ঠিক এই জায়গাটিতেই যত খেদোক্তি দেশের সিনিয়র ক্রিকেটারদের। সিনিয়রদের মতে অন্তত দুই জন বাংলাদেশী ক্রিকেটারকে এশিয়া স্কোয়াডে রাখা উচিত ছিল। জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশারের কন্ঠে সেই আক্ষেপই ঝরে পড়ল- ‘ আমাদের ক্রিকেট যে অবস্থানে এসেছে তাতে করে আরেকজন ক্রিকেটার এশিয়া স্কোয়াডে থাকতে পারতো।’ রান করাটা মুখ্য নয়, আশরাফুল যে এশিয়ার বাঘাবাঘা ক্রিকেটারদের সাথে একই দলে খেলছেন তাতেই সন্তুষ্ট বাশার।
একই সুর সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের কন্ঠেও। তার মতে সম্প্রতি খালেদ মাসুদ আর মাশরাফির যে পারফরম্যান্স সেক্ষেত্রে তারাও আশরাফুলের সাথে এশিয়া একাদশে খেলার যোগ্যতা রাখে।
তবে স্ট্যান্ড বাই তালিকায় থেকেও পুলোকিত উইকেট কিপার খালেদ মাসুদ। মাসুদ জানান, ১৫ জনের মধ্যে থাকতে পারলে অবশ্যই আরও ভালো লাগতো।
তার পরিবর্তে শ্রীলংকার কুমার সাঙ্গাকারাকে দলে নেয়া প্রসঙ্গে খালেদ মাসুদ বলেন, ভালো ব্যাটসম্যান এবং বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ভালো একজন কিপার তাই তার দলে জায়গা পাওয়াটা যুক্তিসঙ্গত।
স্ট্যান্ডবাই তালিকার আরেক বাংলাদেশী পেসার মাশরাফি বিন মুর্তজার আশাটা ছিল আরেকটু বেশি। অর্থাৎ ১৫ জনের মধ্যে থাকবেন, এমনটাই আশা ছিল নড়াইল এক্সপ্রেসের। তারপরও নির্বাচকরা যে দল গড়েছেন তাতে সন্তুষ্ট মাশরাফি।
আফ্রো-এশিয়া কাপে এশিয়া স্কোয়াড: ইনজামাম উল হক, ইউসুফ ইউহানা, শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, নভেদ উল হাসান, শোয়েব আখতার (পাকিস্তান), রাহুল দ্রাবিড়, বিরেন্দর শেওয়াগ, ইরফান পাঠান, অনিল কুম্বলে (ভারত), কুমার সাঙ্গাকারা, সনথ জয়সুরিয়া, মুত্তিয়া মুরলিধরন, চামিন্দা ভাস (শ্রীলংকা), মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ)। স্ট্যান্ড বাই : মাশরাফি বিন মুর্তজা, খালেদ মাসুদ (বাংলাদেশ), মারভান আতাপাত্তু (শ্রীলংকা)।
