শেখ রাসেলের কাছে নাস্তানাবুদ মুক্তিযোদ্ধা
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার গত বারের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্র নাস্তানাবুদ করেছে শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদকে। বুলবুলের হ্যাটট্রিকসহ মোট চারবার মুক্তির জালে বল ফেলে রানার্স আপরা। বিপরীতে একবারও লক্ষ্যভেদ করতে সক্ষম হয়নি মুক্তিযোদ্ধা।
দুর্দান্ত এই জয়ের ফলে শেখ রাসেলের পয়েন্ট দাঁড়ালো ১২ ম্যাচে ১৮। অন্যদিকে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা মুক্তির পয়েন্ট ১২ ম্যাচে ২২। লিগের প্রথম পর্বে দু’দলের প্রথম সাক্ষাতে অবশ্য কেউই গোল করতে পারেনি। আর এই ম্যাচে শেখ রাসেলের ডিফেন্ডারদের কড়া পাহাড়ার কারণে নড়াচড়ারই সুযোগ পায়নি মুক্তিযোদ্ধার স্ট্রাইকাররা। খেলোয়াড়দের সাথে পাল্লা দিয়ে মুক্তিযোদ্ধার অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানও দলের ছন্দ ফিরিয়ে আনতে ব্যর্থ।
খেলার নয় মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল। বাঁ দিক থেকে স্বদেশী রশিদির বাড়িয়ে দেয়া ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন মরোক্কান আব্দেল মাজিদ বুতজোগা। শেখ রাসেলের দ্বিতীয় গোলটি আসে বাঁ প্রান্তের আক্রমন থেকে। এবার মাজিদ মুক্তিযোদ্ধার বিপদ সীমানার মধ্যে দাঁড়িয়ে থাকা বুলবুলের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। বুলবুল আলতো টোকায় গোল করে দলকে লিড এনে দেন।
মাঝবিরতির ঠিক মিনিটখানেক আগে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন বুলবুল। মুক্তিযোদ্ধার দুই ডিফেন্ডারকে বোকা বানানো বুলবুলের তীব্র শটটি নিশ্চিন্তে ঠাঁই করে নেয় জালে। ৫৯ মিনিটে নিজের প্রথম এবং লিগের পঞ্চম হ্যাটট্রিক পূরন করেন বুলবুল।
এর আগে লিগে শেখ রাসেলের ইউসুফ, মোহামেডানের মঞ্জু, ব্রাদার্সের ভিক্টর ও লিটন হ্যাটট্রিক করেন।
হ্যাটট্রিক করার পাশাপাশি বুলবুল লিগে দ্বিতীয় গোলদাতার আসনেও ভাগ বসাতে সক্ষম হলেন। তার সাথে রয়েছেন মোহামেডানের আলফাজ আর ব্রাদার্সের ভিক্টর।
