জাতীয় লিগে দর্শক টানতে ফুটবল ফেডারেশনের পদক্ষেপ
এবারের জাতীয় ফুটবল লিগের পঞ্চম আসরে মাঠে দর্শক টানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নিটল টাটা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
সেপ্টম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশজুড়ে শুরু হবে জাতীয় ফুটবল লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এ কথা জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম বাচ্চু ও আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, উপ সম্পাদক ও জাতীয় ফুটবল লিগ কমিটির সম্পাদক মঞ্জুর হোসেন মালু এবং যুগ্ম সচিব আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা শীত মৌসুমে পঞ্চমবারের মত জাতীয় লিগ আয়োজন করতে যাচ্ছি। এসময়টাতে মাঠ খেলার উপযুক্ত থাকে ফলে খেলোয়াড়রাও তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে।
পৃষ্ঠপোষক নিটল টাটার চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, আগের দুই আসরে আমরা সময় ও ভেন্যু নিয়ে হতাশার মধ্যে থাকলেও এবার আমরা এ ব্যাপারে খুশি।
তিনি জানান, এবার জাতীয় লিগে দর্শকদের মাঠে আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। আর এই কাজকে এসিড টেস্ট হিসেবে দেখছেন তারা। সাফ ফুটবলে অংশগ্রহনের জন্য জাতীয় দলের খেলোয়াড়রা অনুশীলনে থাকায় তারা জাতীয় লিগে খেলতে পারবেন না। এতে করে তাদের দর্শক মাঠে টানার ব্যাপারটি কিভাবে সফল হয় সেটাই এখন দেখার বিষয়।
তবে লিগ কমিটি এর বিকল্পও ভেবে রেখেছে। জাতীয় দলের খেলোয়াড়দের অভাব পূরনের লক্ষ্যে লিগ কমিটি এবার প্রতিটি দলে চারজন করে বিদেশী খেলোয়াড় অর্ন্তভুক্ত করার অনুমতি দিয়েছে। এছাড়া যদি কোনও দল প্রথম পর্বে বাদ পড়ে যায় তাহলে সেই দলের সম্ভাবনাময় কোনও খেলোয়াড় অন্য দল বেছে নিতে পারবে।
এদিকে মঙ্গলবার পর্যন্ত ৪৪টি জেলা ক্রীড়া সংস্থা ও চারটি সার্ভিস টিমসহ মোট ৪৯টি দল জাতীয় লিগে অংশগ্রহন নিশ্চিত করেছে। দলগুলো ছয়টি গ্র“পে ভাগ হয়ে লড়বে। গতবারের দুই ফাইনালিস্ট, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ও লিগ চ্যাম্পিয়ন সরাসরি চুড়ান্ত পর্বে খেলবে।
চুড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন, রানার্স আপ মুক্তিযোদ্ধা সংসদ এবং এবারের লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। এদের সাথে দ্বিতীয় রাউন্ডে খেলবে ছয় জোনাল চ্যাম্পিয়ন।
এবারের জাতীয় ফুটবল লিগের ব্যয় ধরা হয়েছে এক কোটি সাত লাখ টাকা। এর মধ্যে নিটল টাটা ৬০ লাখ টাকা প্রদান করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
