প্রিমিয়ার ফুটবলে ব্রাদার্সের মধুর প্রতিশোধ
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের প্রথম পর্বে আরামবাগের বিরুদ্ধে এক গোলে হারের মধুর প্রতিশোধ নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। সোমবার চ্যাম্পিয়নরা ২ - ১ গোলে হারায় জায়ান্ট কিলার আরামবাগ ক্রীড়া সংঘকে।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হলো ব্রাদার্স। অর্থাৎ ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তাদের চাইতে এক পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট তালকার শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে পয়েন্ট তালিকার নিচ থেকে চতুর্থ স্থানে থাকা আরামবাগের পয়েন্ট দাঁড়িয়েছে ১১।
ম্যাচ জিতলেও প্রথম গোলের জন্য শিরোপা প্রত্যাশীদের ৫৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মিডফিল্ডার লিটনের মাইনাস থেকে বল পেয়ে দুর্বল হেডের সাহায্যে গোল করে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ জুয়েল রানা।
কিন্তু এই গোলের রেশ কাটতে না কাটতেই রিতুর গোলে খেলায় ফেরে আরামবাগ। প্রায় ৫০ গজ দুর থেকে নেয়া রিতুর শটটি অনেকটা আচমকাই ব্রাদার্সের জালে ঠাঁই করে নেয়।
ছয় মিনিট পর ব্রাদার্সের ভিক্টরের পরিবর্তে মাঠে নামা বদলী স্ট্রাইকার তপু দলের পক্ষে জয়সূচক গোল করেন। তপুর হেড আরামবাগের গোলরক্ষক শাকিল ও মিডফিল্ডার জুকুর মাঝখান দিয়ে জালে জড়ালে জয় নিয়েই মাঠ ছাড়ে গোপীবাগের দলটি।
এর আগে প্রথমার্ধে ১৮ মিনিটে ভিক্টরের একটি শট সরাসরি গোলরক্ষক শাকিলের হাতে জমা পড়ে। ৩৪ মিনিটে কাছ থেকে নেয়া আরামবাগের রিন্টুর শটটি অল্পের জন্য ব্রাদার্সের গোলবারের দেখা পায়নি। ৩৮ মিনিটে এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ভিক্টর প্রাণতোষের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন।
