২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম বোলারের অভাব দলের এখনও দুশ্চিন্তার বিষয় ঃ রাহুল দ্রাবিড়

ভারতের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রাহুল দ্রাবিড় বলেছেন, দলে নিয়মিত পঞ্চম বোলারের অনুপস্থিতি দলের জন্য একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ভারতের এই সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ নিয়মিতভাবে ভালো স্কোর দাঁড় করাতে সক্ষম হচ্ছে বলে তিনি জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 01:23 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

দ্রাবিড় বলেন, এটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দলে খুব বেশি অলরাউন্ডার নেই। আর তাই দলে পাঁচ বোলার নিয়ে খেলা একটি কঠিন সিদ্ধান্ত।

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয়  ইন্ডিয়ান ওয়েল কাপ তিন জাতি টুর্নামেন্টে রোববার ওয়েস্ট ইন্ডিজকে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ছয় উইকেটে হারানোর পর দ্রাবিড় এ কথা বলেন।

দ্রাবিড় বলেন, সৌভাগ্যক্রমে আমাদের বোলাররা শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বজায় রেখে খুব ভালো দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে। এটা ক্যাপ্টেন হিসেবে আমার কাজকে অনেক সহজ করে দিয়েছে।

‘টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে আমাদের ফাস্ট বোলাররা যেভাবে বল করেছে, তারা যদি ধারাবাহিকভাবে তা চালিয়ে যেতে পারেন, তাহলে ফিল্ডিং সাজানোটা সহজ হয়ে যাবে। আর তাদের এমন দক্ষতা প্রতিটি ম্যাচে প্রর্দশিত হলে আমাদের জয় অব্যাহত থাকবে।

লেগ স্পিনার অনিল কুম্বলের দলে অনুপস্থিতির প্রভাবের কথা খোলাখুলিই স্বীকার করেছেন দ্রাবিড়।

তিনি বলেন, এটা আমাদের জন্য সহজ একটা ব্যাপার নয়। আমার অন্য কোন উপায়ও জানা নেই। কিন্তু একটি দিনের সেরা দলটাই নির্বাচন করতে চাই আমরা।

প্রথম দুই ম্যাচে কুম্বলে দলের বাইরে রয়েছেন।

দ্রাবিড় বলেন, এ ব্যাপারে আমি তার সাথে কথা বলেছি। গ্রেগ (কোচ, গ্রেগ চ্যাপেল) ও তার সাথে কথা বলেছেন। সে পরিস্থিতি বুঝতে পেরেছে। সে শুধু মহান ক্রিকেটারই নন, সে চ্যাম্পিয়ন মানুষও বটে।

‘কিছুদিন সে দলের পক্ষে খেলে, আবার কিছুদিন ভাজ্জি (হরভজন) খেলে। আবার কোন কোন দিন তারা দু’জনই খেলে থাকে।

তবে শ্রীলঙ্কার টুর্নামেন্টে দলের তরুনদের বেশি সুযোগ করে দেয়ার কথা দ্রাবিড় স্বীকার করেছেন। তিনি বলেন, দলের সিনিয়র অনেক খেলোয়াড় অনুপস্থিত থাকায়, এমনিতেই তাদের সামনে সুযোগ এসে গেছে। আমরা তাদেরকে আরো দায়িত্ব দিতে চাই।