এক ম্যাচ পর জয়ের ধারায় মোহামেডান
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে এক ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরেছে পয়েন্ট তালিকার শীর্ষ দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
রোববার লিগের ফিরতি পর্বে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জেতে শিরোপা প্রত্যাশীরা।
এই জয়ের ফলে লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সক্ষম হলো সাদাকালো শিবির। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে সমানসংখ্যাক লড়াইয়ে ইয়ংমেন্সের সংগ্রহ সাত পয়েন্ট।
ম্যাচের ৪০ মিনিটে কমল গোল করে এগিয়ে দেন ইয়ংমেন্সকে। ৬৬ মিনিটে মোহামেডান পিটার ওদাফের গোলে সমতা ফেরাতে সক্ষম হয়। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে মোহামেডানের পক্ষে জয়সূচক গোলটি করেন মঞ্জু।
তবে ম্যাচে মোহামেডানের চাইতে অপেক্ষাকৃত ভালো খেলা উপহার দিয়েও লিগে নিজেদের নবম পরাজয় এড়াতে পারেনি তারুন্য নির্ভর ইয়ংমেন্স। গোলের একাধিক সুযোগ পেলেও শুধুমাত্র অভিজ্ঞতার অভাবেই ম্যাচ শেষে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয় তাদের।
পয়েন্ট তালিকার নীচের দিকের দল ইয়ংমেন্সের বিরুদ্ধে শেষ ২৫ মিনিটেই ম্যাচ বের করে নিয়ে আসে মোহামেডান। ৪০ মিনিটে কমলের দুর্বল শটটি মোহামেডানের গোলরক্ষক কামালের দু’পায়ের ফাঁক গলে জালে আশ্রয় নিলে এগিয়ে যায় ইয়ংমেন্স।
এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মোহামেডান। উপরন্তু দ্বিতীয়ার্ধের তিন মিনিটের সময় বিপজ্জনক সীমানার মধ্য থেকে রবিনের শট মোহামেডানের সাইডবারে লেগে ফিরে গেলে সে যাত্রা হাফ ছেড়ে বাঁচে মোহামেডান।
মোহামেডানের অধিনায়ক আলফাজ এই ম্যাচে গোলের দেখা না পেলেও দলের দু’টি গোলের পেছনেই ছিল তার অবদান।
আলফাজের ফ্রিকিকি থেকে বল পেয়ে হেডের সাহায্যে গোল করে সমতা ফেরান মোহামেডানের নাইজেরিয়ান রিক্রুট পিটার ওদাফ। ৮৩ মিনিটে প্রথম দফায় স্ট্রাইকার মঞ্জু ইয়ংমেন্সের গোল লক্ষ্য করে যে শটটি নেন তা ক্রসপিসে লেগে ফিরে আসলে ফিরতি বলে শট করে দলকে জয় পাইয়ে দেন মঞ্জু।
এই গোলের সুবাদে মঞ্জু আট গোল করে এককভাবে শীর্ষ গোলদাতার আসনে বসে গেলেন। সাত গোল নিয়ে তার পেছনেই অবস্থান করছেন সতীর্থ আলফাজ এবং ব্রাদার্সের ভিক্টর।
