জাতীয় দলের বোলিং কোচ নিয়োগে অনিশ্চয়তা
শ্রীলংকাগামী বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একজন বোলিং কোচ এখনও খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও হন্যে হয়ে খুঁজে চলেছে বোলিং কোচ।
ইংল্যান্ড সফরের পরই জাতীয় দলের জন্য একজন বোলিং কোচ নিয়োগের ব্যাপারটি অনুধাবন করে বিসিবি। আর তারই ফলশ্রুতিতে বিসিবি ওয়েস্ট উইন্ডিজের অ্যান্ডি রবার্টস এবং অস্ট্রেলিয়ান ডেমিয়েন ফ্লেমিংসহ বেশ কয়েকজন বোলিং কোচের সাথে যোগাযোগ করে।
বিসিবি উপদেষ্টা এবং ক্রিকেট অপারশেন চেয়ারম্যান মাহবুব আনাম রোববার সাংবাদিকদের জানান, অ্যান্ডি রবার্টস এবং ফ্লেমিংয়ের সাথে বোর্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এসময় তাদের পাওয়া যাচ্ছেনা।
অপর এক প্রশ্নের জবাবে আনাম বলেন, বোর্ড ইচ্ছে করলে ২৪ ঘন্টার মধ্যে বোলিং কোচ আনতে পারে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের সিলেবাসের সাথে খাপ খাওয়াতে সমস্যা হবে, এমন কোন বোলিং কোচ তারা নিয়ে আসতে চাচ্ছেন না। বাংলাদেশ মূলত অস্ট্রেলিয়ান ক্রিকেটের স্টাইল অনুসরন করে থাকে।
অনুশীলন শিবিরের প্রথম সপ্তাহেই বোলিং কোচ প্রয়োজন ছিল বলে জানান মাহবুব আনাম। তিনি জানান, অনুশীলন শিবিরের শেষ পর্যায়ে বোলিং কোচ আনাটা কোন কাজে আসবে না।
সব মিলিয়ে অবস্থাদৃষ্টে যা মনে হচ্ছে তাতে করে শ্রীলংকা সফরের আগে বোলিং কোচ পাচ্ছেনা জাতীয় দলের ক্রিকেটাররা।
এদিকে সূত্র জানিয়েছে, বিসিবি এই মুহূর্তে বোলিং কোচ আনার সিদ্ধান্ত থেকে সরে এসে অনুর্ধ্ব ১৯ দলের অস্ট্রেলিয়ান কোচ অ্যালিস্টার ডি উইন্টারের হাতেই এই দায়িত্ব তুলে দিতে চাচ্ছে।
